বাঘের সঙ্গে লড়াই করে ফিরেছিলেন বাবলু গাজী, এখন লড়াই সংসার চালানোর

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে বাবলু গাজীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। আজ বুধবার শ্যামনগরে রেঞ্জের কার্যালয়েছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন বাবলু গাজী (৪৮)। ঝোপের আড়াল থেকে হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। সহযাত্রী মৌয়ালদের চিৎকার ও লাঠিসোঁটার প্রতিরোধে প্রায় ১৫ মিনিটের লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরেছিলেন তিনি। তবে বাঘের কামড় ও নখের আঘাতে শরীরের বিভিন্ন স্থান ক্ষত হয়। ভেঙে যায় ডান হাতের বাহুর হাড়। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।

ঘটনার ছয় মাস পর আজ বুধবার সরকারের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বাবলু।

আজ সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে বাবলু গাজীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। ‘বন্য প্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী তাঁকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা রেঞ্জের কার্যালয়ে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এবং সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম।

বাবলু গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। গত ১০ মে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি। বন বিভাগের কাছ থেকে বৈধ পাস নিয়ে যাওয়া মৌয়াল দলের সদস্য ছিলেন বাবলু।

বাবলু জানান, ঝোপের আড়াল থেকে হঠাৎ বাঘটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় দলের অন্য সদস্যরা চিৎকার করে লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে প্রতিরোধের চেষ্টা করেন। প্রায় ১৫ মিনিটের লড়াইয়ের এক পর্যায়ে বাঘটি তাঁকে ছেড়ে বনের ভেতরে চলে যায়। গুরুতর আহত বাবলু গামছা দিয়ে ক্ষতস্থান বেঁধে সঙ্গীদের কাছে পৌঁছান। পরে তাঁদের সহায়তায় নৌকায় করে লোকালয়ে ফেরেন। প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর ডান হাতের ভাঙা হাড়সহ বিভিন্ন ক্ষতের চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়।

বাবলু গাজী বলেন, ‘বাঘের আক্রমণের পর বেঁচে ফিরব, সেটাই ভাবিনি। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছিল, হাতের হাড়ও ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। বনে কাজ করতে না পারায় সংসার চালাতেও কষ্ট হয়েছে। আজ এক লাখ টাকার চেক পেয়ে কিছুটা স্বস্তি লাগছে। এই টাকা সংসারের কাজে লাগবে। তবে আগের মতো আর কাজ করার সামর্থ্য নেই।’

বাবলুর জীবিকা সুন্দরবনকে ঘিরে। ১৩-১৪ বছর বয়স থেকে বাবার সঙ্গে বনে যাওয়া শুরু করেন তিনি। মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে চলে তাঁর সংসার। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বাঘের আক্রমণে আহত হওয়ার পর তাঁর চিকিৎসা ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন স্বজনেরা।

বাঘের আক্রমণের পর বেঁচে ফিরব, সেটাই ভাবিনি। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছিল, হাতের হাড়ও ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। বনে কাজ করতে না পারায় সংসার চালাতেও কষ্ট হয়েছে। আজ এক লাখ টাকার চেক পেয়ে কিছুটা স্বস্তি লাগছে।
বাবলু গাজী, বাঘের আক্রমণের শিকার
আরও পড়ুন

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষেরা জীবিকার তাগিদে বনে যান। সেখানে বাঘসহ বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণের ঝুঁকি রয়েছে। কোনো ব্যক্তি বৈধভাবে বনে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে আহত হলে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছে। বাবলু গাজী সেই বিধিমালা অনুযায়ী এক লাখ টাকা পেয়েছেন। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত টহল, স্মার্ট প্যাট্রোলিং, নাইলন ফেন্সিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।’

আরও পড়ুন

সরকারের ২০২১ সালের ক্ষতিপূরণ বিধিমালা অনুযায়ী, বন্য প্রাণীর আক্রমণে গুরুতর আহত ব্যক্তি এক লাখ টাকা এবং নিহত ব্যক্তির পরিবার তিন লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে বলে জানান বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা শাহিনুর ইসলাম। তিনি বলেন, ‘বাবলু গাজী সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন। বিষয়টি জানার পর ক্ষতিপূরণ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখি। বাঘ ও মানুষের সংঘাত কমাতে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে বন বিভাগ কাজ করছে।’