খুলনা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেধাতালিকা থেকে ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে চতুর্থ মেধাতালিকা থেকে ভর্তি শুরু হয়েছে। ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আজ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ মেধাতালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল মার্কশিট ১১ ডিসেম্বরের (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা) মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, তা না হলে প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে ওই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। মূল মার্কশিট, আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে ভরে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক কাজী মাসুদুল আলম বলেন, চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য একজন ভর্তি–ইচ্ছুকের পছন্দের তালিকায় একাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো ভর্তির জন্য বিবেচিত হবেন না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে আগের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। জিএসটিভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না। তবে আবেদনকারী একই সঙ্গে অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাঁর ভর্তি অন্য বিশ্ববিদ্যালয় স্থানান্তর (ইউনিভার্সিটি মাইগ্রেশন) করতে পারবে।