নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে পিকআপ ভ্যান, চাপা পড়ে বৃদ্ধ নিহত

রফিকুল আলমছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

রাত পৌনে ১২টা। স্থানীয় মানুষের সঙ্গে বাড়ির কাছেই একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বৃদ্ধ রফিকুল আলম (৭০)। এ সময় একটি পিকআপ ভ্যান মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে সেই দোকানে। পিকআপ ভ্যানটিতে চাপা পড়ে গুরুতর আহত হন রফিকুল। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় তাঁর।

গতকাল শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত রফিকুল আলম ওই এলাকারই বাসিন্দা।

নিহত রফিকুলের ভাগনে মাইনউদ্দিন হাসান জানান, দুর্ঘটনাটি ঘটেছে দিবাগত রাত ১২টার দিকে। যে দোকানে বসে রফিকুল আলম আড্ডা দিচ্ছিলেন, সেটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটিতে পিকআপ ভ্যানটি ঢুকে পড়লে চাপা পড়ে রফিকুল আলম ছাড়াও রুহুল আমিন (৪৫) নামের স্থানীয় এক বাসিন্দা আহত হন। দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। রফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় রফিকুল আলম মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে জানান মাইনউদ্দিন হাসান। তিনি বলেন, ‘ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চালকসহ পিকআপ ভ্যানটি আটকে রাখেন। তবে পরে চালককে ছেড়ে দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি জিদ্দাবাজার এলাকায় আছে।’

দুর্ঘটনায় রফিকুলের মৃত্যুর বিষয়টি চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পিকআপ ভ্যানটি পুলিশের জিম্মায় নেওয়ার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।