বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
নিহত গাজী রাফিজ উদ্দিন (৩৫) খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আহত মুরাদ হোসেন (২৫) ও আশরাফ আলীর (২৯) ঠিকানা জানা যায়নি। আহত ব্যক্তিরা গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।
আটক ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের চক্রবর্তী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে চক্রবর্তী এলাকায় একটি দোকানে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিজ উদ্দিন। এ সময় পাশের আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান কয়েকজন পথচারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাফিজ বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। ক্ষিপ্ত হয়ে আতাউর তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিজসহ কয়েকজনের ওপর হামলা চালান। পেটের ডান পাশে ছুরিকাঘাতে রাফিজ গুরুতর আহত হন। আহত অবস্থায় রাফিজসহ তিনজনকে স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।
রাফিজের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাত একটার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে গতকাল রাতেই অভিযুক্ত আতাউর রহমানকে আটক করে পুলিশ।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ বলেন, ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।