নারায়ণগঞ্জে জ্বালানি তেলের দুই ডিপোতে ট্যাংকলরির দীর্ঘ সারি
ঈদুল ফিতরের ছুটি প্রায় শেষ। চাপ বাড়ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত জ্বালানি তেলের দুই ডিপোতে। ডিপোগুলোতে জ্বালানি তেলের জন্য ট্যাংকলরির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল থেকে তেল উত্তোলন শুরু হলে ডিপোগুলোর সামনে ভিড় বাড়তে থাকে। দীর্ঘ সময় লাইনে থেকে তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ট্যাংকলরির চালক ও শ্রমিকেরা।
এদিকে ঈদের ছুটিতে দুদিন তেল সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। তেল সরবরাহ চালু হলেও চাহিদার চেয়ে কম সরবরাহের তথ্য পাওয়া গেছে।
গোদনাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন পদ্মা অয়েল ডিপো ও মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের ডিপো রয়েছে। এই ডিপো দুটি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। এখান থেকে বাংলাদেশ বিমান, সামরিক বাহিনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ করা হয়।
আজ দুপুরে গোদনাইলে সরেজমিনে দেখা যায়, জ্বালানি তেলের দুটি ডিপো এলাকায় ট্যাংকলরির দীর্ঘ সারি। সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন ও পরদিন ডিপোতে তেল উত্তোলন কার্যক্রম বন্ধ ছিল। জমে থাকা চাহিদার কারণে আজ সকাল থেকে ট্যাংকলরির চাপ বেড়ে গেছে। ফলে ডিপোর প্রবেশপথ থেকে শুরু করে ভেতর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শত শত ট্যাংকলরিকে। ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
নরসিংদী থেকে সকাল নয়টায় তেল নিতে এসেছেন ট্যাংকলরির চালক মো. কাউসার। তিনি বলেন, বিকেল তিনটার দিকে ডিপো থেকে তেল উত্তোলন করতে পেরেছেন। গাজীপুর থেকে আসা বেনু হোসেন নামে আরেক ট্যাংকলরির চালক বলেন, ‘আমাদের চাহিদা ১৮ হাজার লিটার হলেও ৯ হাজার লিটার তেল পেয়েছি। সংকটের কারণে তেল কম দেওয়া হচ্ছে।’
একই ধরনের অভিযোগ করেন অপর ট্যাংকলরির চালক পান্না মিয়াসহ আরও কয়েকজন। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও দ্রুত তেল পাওয়া যাচ্ছে না। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে জ্বালানি পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
কয়েকজন জানান, ফিলিং স্টেশনগুলোতে পেট্রল ও অকটেন নেই। তেল দিতে না পারায় পাম্পগুলোতে যানবাহন চালকদের সঙ্গে নানা বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। দ্রুত তেল উত্তোলন করা গেলে তেল সরবরাহ করা সহজ হবে। একাধিক ফিলিং স্টেশনের মালিক ও ট্যাঙ্কলরির চালক জানান, চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।
এ বিষয়ে পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক আমিনুল হক প্রথম আলোকে বলেন, ঈদের কারণে ডিপো দুদিন বন্ধ ছিল। আজ সোমবার থেকে তেল সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরকার-নির্ধারিত হারে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। ছুটির কারণে সাময়িক চাপ তৈরি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
ডিপোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা আবদুল বারিক। প্রথম আলোকে তিনি বলেন, গোদনাইলের দুই ডিপোতে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।