লক্ষ্মীপুরে ইয়াবা বহনের দায়ে দুজনের ১২ বছর কারাদণ্ড
লক্ষ্মীপুরে ইয়াবা বহনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পূর্ব মহাদেবপুর গ্রামের মৃত রাহাত উল্যা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩০)। এর মধ্যে ইসমাইল হোসেনকে সাত বছর ও দুলাল হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। জসিম উদ্দিন বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনই মাদক ব্যবসায়ী। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রাম থেকে ইসমাইল ও দুলালকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে ইসমাইলের কাছে দুই হাজার ও দুলালের কাছে এক হাজার ইয়াবা ছিল। পরদিন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এহতেশামুল হক সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।