ইউপি সদস্যের বিরুদ্ধে এক পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ
মাদারীপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক কৃষক পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার রাত আটটার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই কৃষকের নাম আক্কাস হাওলাদার (৪৫)। তিনি মস্তফাপুর ইউনিয়ন বড়খালপাড় এলাকার লতিফ হাওলাদারের ছেলে। ওই হামলায় আক্কাস হাওলাদারের স্ত্রী ময়না বেগম (৩০) ও ছেলে রোমান হাওলাদার (৩) আহত হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ১০ অক্টোবর কৃষক আক্কাস হাওলাদারের ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি অভিযোগ করেন। থানায় মামলার ঘটনায় আক্কাস হাওলাদারের সঙ্গে মস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউল হাওলাদারের বিরোধ সৃষ্টি হয়। রোববার সন্ধ্যায় আক্কাস হাওলাদার তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে মাদারীপুর শহরের এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে দেশীয় অস্ত্র নিয়ে জিয়াউল হাওলাদার ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে আক্কাস হাওলাদার, তাঁর স্ত্রী ও ছেলে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন কৃষক আক্কাস হাওলাদার বলেন, ‘আমার গরু চুরি হওয়া নিয়ে জিয়াউল মেম্বার আমার সঙ্গে তর্ক করতে আসে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি ও তাঁর অনুসারী কুদ্দুস হাওলাদার, শাহীন হাওলাদার, আবু তালেব হাওলাদার, আকাশ হাওলাদার রামদা, কুড়াল, হাতুরি নিয়ে আমার ওপর হামলা করে। পরে আমার স্ত্রী ও বাচ্চার ওপরও হামলা চালায় তাঁরা। এ ঘটনায় আমি প্রশাসনের কাছে বিচার চাই।’
অভিযোগের বিষয় মস্তফাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউল হাওলাদার বলেন, ‘হামলার ঘটনায় আমি জড়িত নই। ওখানে কী হয়েছে আমি জানি না। আমার নাম কেন বলছে, বলতে পারব না।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।