সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম মো. মাহির শাহরিয়ার (২৬)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার বিকেলে সিলেটের দিকে আসার পথে বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাহির শাহরিয়ার গাজীপুরের রাজেন্দ্রপুরের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহিরের বাবা সাবেক সেনা কর্মকর্তা। তিনি একসময় সিলেটে কর্মরত ছিলেন। সেই সূত্রে মাহির সিলেটে তাঁর বন্ধু জনি আহমদের বাড়িতে বেড়াতে যান। গতকাল তাঁরা মোটরসাইকেলে করে সিলেটের বটেশ্বর থেকে হবিগঞ্জে যাওয়ার জন্য বের হন। পথে সিলেটের বাইপাস এলাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা মাহির এবং তাঁর বন্ধু আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, মাহিরের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আইনি ব্যবস্থার পর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করছে।