যশোরের মনিরামপুর
হরিহর নদ থেকে বালু তুলছেন চেয়ারম্যান
নদের মধ্যে ২ জায়গায় প্রায় ৪০০ ফুট লম্বা এবং ১৫–২০ ফুট গভীর করে এক্সকাভেটর দিয়ে পুকুর কাটা হয়েছে। ফাঁকা স্থানে স্তূপ করে ওই বালু রাখা হয়েছে।
হরিহর নদের মধ্যে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিন ১৭ দিন ধরে বালু উঠিয়ে নদের পাড়ে স্তূপ করলেও কেউ তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। এভাবে বালু উত্তোলন করায় নদের তলদেশ ফাঁকা হচ্ছে। এর ফলে আশপাশের ঘরবাড়ি ও ফসলি জমিজমা ভাঙনের আশঙ্কায় রয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ধারা ৪ অনুযায়ী, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি–বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।
‘তিন-চার দিন আগে হরিহর নদ থেকে বালু তোলার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে বালু তোলা বন্ধ করা হয়েছে। চেয়ারম্যান নদ থেকে বালু না তোলার অঙ্গীকার করেছেন। বন্ধ করার পরও বালু তোলা হচ্ছে, এমন কোনো তথ্য আমার কাছে নেই।’জাকির হোসেন, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় কপোতাক্ষ নদের বাঁ তীর থেকে হরিহর নদ উৎপন্ন হয়েছে। ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলার ওপর দিয়ে প্রায় ৩০ কিলোমিটার পাড়ি দিয়ে নদটি কেশবপুর উপজেলার ভদ্রা নদীর সঙ্গে মিশেছে। নদের বেশির ভাগ দখল হয়ে গেছে। কেউ পুকুর বানিয়ে মাছ চাষ করেন, কেউ বালু তুলে বিক্রি করছেন। আবার নদের অনেক জায়গা ভরাট করে ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় লোকজন জানান, যেসব স্থান দখল হয়নি, বর্ষা মৌসুমে সেসব স্থানে অল্প পানি থাকে। শীতকালে পানি শুকিয়ে হাঁটুসমান হয়ে যায়। হেঁটে পার হওয়া যায়। মনিরামপুর উপজেলার রোহিতা রাজবাড়িয়া এলাকায় এই হরিহর নদ থেকে এক্সকাভেটর দিয়ে বালু তোলা হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, রাজবাড়িয়া এলাকায় হরিহর নদ শুকিয়ে আছে। নদের মধ্যে ২ জায়গায় প্রায় ৪০০ ফুট লম্বা এবং ১৫–২০ ফুট গভীর করে এক্সকাভেটর দিয়ে পুকুর কাটা হয়েছে। নদের পাড়ে গাছগাছালির মধ্যে কিছুটা ফাঁকা জায়গায় বড় বড় স্তূপ করে ওই বালু রাখা হয়েছে। স্তূপের পাশে একটি খননযন্ত্র রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন রাজবাড়িয়া ও এড়েন্দা গ্রামের কয়েকজনকে দিয়ে ১৭ দিন ধরে এক্সকাভেটর দিয়ে হরিহর নদে গভীর করে খুঁড়ে বালু তুলছেন। ওই বালু ট্রলিতে করে নিয়ে নদের পাড়ে বড় বড় স্তূপ করে রাখা হচ্ছে। গত মঙ্গলবারও বালু তোলা হয়েছে। শুধু বুধবার বালু তোলা বন্ধ রাখা হয়েছে। রোহিতা ইউনিয়নে কয়েক কোটি টাকার রাস্তার কাজ এসেছে। সেসব রাস্তায় বালু দেওয়ার জন্য চেয়ারম্যান হরিহর নদ থেকে বালু তুলে পাড়ে স্তূপ করে রাখছেন।
নদ থেকে এভাবে গভীর করে বালু ওঠানোর কারণে নদের আশপাশের ঘরবাড়ি ও জমিজমা ভাঙনের আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘আমি মাত্র তিন দিন নদ থেকে বালু তুলেছি। ইউএনও নিষেধ করার পর থেকে আমি আর বালু তুলছি না। তবে নদের পাড়ে বালুর স্তূপ এবং এক্সকাভেটরটি আমার। পাশের একটি পুকুর থেকে আমি ওই বালু তুলেছি। উন্নয়নকাজে ওই বালু ব্যবহার করা হবে। আমি বালু না তুললেও পাড়ের কয়েকজন হরিহর নদ থেকে বালু তুলেছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তিন-চার দিন আগে হরিহর নদ থেকে বালু তোলার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে বালু তোলা বন্ধ করা হয়েছে। চেয়ারম্যান নদ থেকে বালু না তোলার অঙ্গীকার করেছেন। বন্ধ করার পরও বালু তোলা হচ্ছে, এমন কোনো তথ্য আমার কাছে নেই।’