চকরিয়ায় মুঠোফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে তরুণ নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মুঠোফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আসহাবুল করিম ওরফে জিহাদ (২০)। তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মকসুদুল করিম ওরফে বাচ্চুর ছেলে। কক্সবাজার সিটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আসহাবুল। এ ঘটনায় মো. সোহান (২৩) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাখালী ইউনিয়নের মাতামুহুরী নদীর পাড়কেন্দ্রিক কয়েকটি মুঠোফোন চোর চক্র আছে। এলাকাটি স্থানীয়ভাবে ‘সিঙ্গাপুর মার্কেট’ নামে পরিচিত। সেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করা মুঠোফোন মজুত করা হয়। পরে কম দামে সেসব মুঠোফোন বিক্রি করা হয়। কয়েক দিন আগে আসহাবুল ওই ‘সিঙ্গাপুর মার্কেট’ থেকে একটি মুঠোফোন কেনেন। মুঠোফোনটি চার্জে সমস্যা করায় তা ফেরত দিয়ে টাকা চান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার চোর চক্রের কয়েকজনকে পেকুয়া থানা এলাকায় পেয়ে তাঁদের মারধর করেন আসহাবুল ও তাঁর বন্ধুরা।

গতকাল সন্ধ্যায় আসহাবুল ও তাঁর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে মরংঘোনা এলাকায় যান। সেখানে চোর চক্রের সদস্যরা আসহাবুলকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন ও গাছের বাটাম দিয়ে পেটান। এ সময় আসহাবুলের দুই বন্ধু ভয়ে মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পান। ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় মো. সোহান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে আহত আসহাবুলকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, নিহত তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

হাসপাতালে গিয়ে নিহত তরুণের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, তরুণের বুকে চারটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। মাথায়ও ভারী–জাতীয় কোনো বস্তুর আঘাত আছে। এ ছাড়া বুকের এক পাশ, পিঠ ও ডান হাতে জখমের চিহ্ন আছে। আর ডান হাতের চামড়া ছিলে গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, মুঠোফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে খুন হয়েছেন কলেজছাত্র আসহাবুল। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। তরুণের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।