মাঠে বিএনপির ১২ নেতা

দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিএনপি। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হোসেন সরকার ও আবদুল জলিল খন্দকার

বর্তমান সরকারের অধীনে সব ধরনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে লড়ছেন বিএনপির ১২ নেতা। 

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন বিএনপির দুজন নেতা। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীর্ষ এক নেতার সাবেক স্ত্রী। অন্যরা লড়ছেন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে।

এ সম্পর্কে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে যারা তালোড়া পৌরসভা নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের কেন্দ্রীয় বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কেউ নির্বাচনের মাঠে থাকলে আজীবনের জন্য বহিষ্কার ছাড়াও চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

২১ জুন তালোড়া পৌরসভায় ভোটগ্রহণ। ২০১১ সালের ৪ এপ্রিল তালোড়া পৌরসভা ঘোষণা করা হয়। ১১ দশমিক ৮৩ বর্গকিলোমিটার এ পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৬। তালোড়া পৌরসভার সর্বশেষ ভোট গ্রহণ হয় ২০১৮ সালের ১৫ মে। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমিরুল ইসলাম জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তালোড়া পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার। এর আগে ২০১৩ সালে এই পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল জলিল খন্দকার মেয়র নির্বাচিত হয়েছিলেন। 

তালোড়া পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তালোড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুল জলিল খন্দকার। তিনি নির্বাচনে জগ প্রতীক নিয়ে লড়ছেন। এ ছাড়া তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকারও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি লড়ছেন নারকেলগাছ প্রতীক নিয়ে। আবদুল জলিল খন্দকারের সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার লড়ছেন ইস্ত্রি প্রতীক নিয়ে। 

এ ছাড়া দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অন্তত ১০ জন নেতা প্রার্থী হয়েছেন। কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন তালোড়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজা, পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হারুন তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সহকোষাধ্যক্ষ তানভীর আহমেদ ফেরদৌস, শ্রমিক দলের পৌর শাখার সভাপতি আবদুল জলিল প্রামাণিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইসরাফিক ইসলাম, পৌর বিএনিপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসেম আলী প্রামাণিক পৌর বিএনপির সদস্য মারুফ হোসেন, পৌর বিএনপির সহমহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘বিএনপি নীতিগতভাবে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’ 

এ সম্পর্কে মেয়র পদে প্রার্থী ও তালোড়া পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালের পৌর নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই বিপুল ভোটে বিজয়ী হয়েছি। ২০১৮ সালের নির্বাচনে কিছু নেতার কারণে পরাজিত হয়েছি। এবার বিএনপি ভোট বর্জন করলেও ভোটারদের চাপে প্রার্থী হয়েছি। জনগণের মতামতকে সম্মান জানাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নিলেও মেনে নেব, কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নেই।’

আরেক মেয়র প্রার্থী আবু হোসেন সরকার বলেন, ‘একসময় পৌর বিএনপির সভাপতি পদে থাকলেও এখন দলে পদ-পদবি নেই। প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া ছাড়া আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।’ 

এদিকে ভোটের মাঠে রয়েছেন বিএনপি নেতা আবদুল জলিল খন্দকারের সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার। তিনি ইস্ত্রি প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। আউলিয়া খন্দকার বলেন, ‘কাউকে ঠেকানোর জন্য নির্বাচন করছি না। মেয়র নির্বাচিত হলে মানুষের সেবা করতে পারব, এমন চিন্তা থেকেই নির্বাচনে লড়ছি।’ 

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার বলেন, ‘দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে তালোড়া পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়া ১২ নেতার কাছে কেন্দ্রীয় বিএনপি থেকে ৯ জুন কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হলেও সোমবার (গতকাল) পর্যন্ত কেউ জবাব দেননি। দু–এক দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।