দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট

দুর্ঘটনার পর উল্টো পথে যানবাহন চলাচল করতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনেই যানজটের সৃষ্টি হয়েছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মে।ছবি: আবদুর রহমান ঢালী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে পেন্নাই পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় আজ বুধবার ভোর ৪টা থেকে তীব্র যানজট চলছে। দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শাহ কামাল প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রেকার এনে এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা বলেন, উল্টো পথে যানবাহন চলাচল করতে গিয়ে ঢাকাগামী ও চট্টগ্রামগামী চার লেনেই যানজটের সৃষ্টি হয়। এখন ঢাকাগামী দুই লেনে তীব্র যানজট চলছে। এদিকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে উপজেলার পেন্নাই পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় চট্টগ্রামগামী দুই লেনে তীব্র যানজট চলছে।

দুর্ঘটনার পর উল্টো পথে যানবাহন চলাচল করতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনেই যানজটের সৃষ্টি হয়েছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মে
ছবি: আবদুর রহমান ঢালী

নারায়ণগঞ্জের চিটাগাং রোডের বাসিন্দা জাহানারা বেগম কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামে ফুফাতো বোন পারভিন আক্তারের বাড়িতে রওনা দিয়েছেন। ভোর সাড়ে পাঁচটায় তিনি চিটাগাং রোড থেকে সেবা পরিবহনের একটি বাসে উঠেছেন। ৪৫ মিনিটের মহাসড়ক তিনি তিন ঘণ্টায় অতিক্রম করেছেন। বাসে বসে থাকতে তাঁর অনেক কষ্ট হয়েছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এজারকান্দি গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, তিনি মাছ নিয়ে ভোর সাড়ে পাঁচটায় ঢাকার যাত্রাবাড়ী থেকে সিডিএম পরিবহনের একটি বাসে উঠেছেন। যাত্রাবাড়ী থেকে কেনা মাছগুলো তিনি তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে তিনি ঘুরে ঘুরে বিক্রি করবেন। এক ঘণ্টার মহাসড়ক তিনি তিন ঘণ্টায় অতিক্রম করেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।