ফেরিওয়ালার বেশে এলাকায় ঢুকে কৌশলে হাতিয়ে নেন অর্থ

লোহাগাড়ায় গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্যরাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে ফেরিওয়ালার বেশে এলাকায় ঢোকে তারা। তারপর কয়েকজন ক্রেতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। খোঁজ করে বিদেশগামী যাত্রীদের। এরপর নিজেদের কাছে সৌদি রিয়াল, ইউরো, মার্কিন ডলারসহ নানা বৈদেশিক মুদ্রা আছে বলে জানায়। এরপর বৈদেশিক মুদ্রা দেওয়ার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নেয়।

চট্টগ্রামের লোহাগাড়ায় এমন এক সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। তাঁরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরদী এলাকার মো. সরোয়ার (৫৪), সোহেল বেগ (৩০), কামাল শেখ (৩৪) ও শওকত খান (৬০)। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি গোলাম আলী সিকদার পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার তৌহিদুর রহমান (৪২) নামের একজনের পরিবারের সঙ্গে আলাপ-পরিচয় গড়ে তোলেন ছদ্মবেশী ফেরিওয়ালা মো. সরোয়ার। তৌহিদুরের মা–বাবা দুজনেই ওমরাহ করতে সৌদি আরবে যাবেন—এ কথা জানার পর সরোয়ার জানান, তাঁর কাছে সৌদি রিয়াল আছে। বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল দেবেন বলে গত মঙ্গলবার বিকেলে তৌহিদুরকে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে ডাকেন সরোয়ার। এরপর তৌহিদুরের কাছ থেকে কৌশলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার পরপরই তৌহিদুর রহমান পুলিশের কাছে অভিযোগ করেন। তারপর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। স্থানীয়দের সহায়তায় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে ৪ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তৌহিদুর বাদী হয়ে গ্রেপ্তার চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি প্রতারণার মামলা করেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।