স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

প্রতিদিনের মতো স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিলেন শিক্ষক রওশন আরা বেগম (৪০)। কিন্তু স্কুলে যাওয়া আর হলো না তাঁর। পথে একটি বালুবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দোগাছি মণ্ডল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রওশন আরা বেগম সাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় তাঁর স্বামী ফিরোজ আহমেদ (৪৮) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন ওই শিক্ষক। পথে বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলটি চাপা দিলে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান রওশন আরা বেগম।

দুর্ঘটনার পর ওই ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আহমেদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে স্কুলের শিক্ষার্থী–শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ওই শিক্ষকের লাশ দেখে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।

জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত শিক্ষকের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।