নওগাঁয় হঠাৎ অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ধর্মঘটের কারণে বাস চলছে না
ছবি: প্রথম আলো

নওগাঁয় অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। সড়ক দুর্ঘটনার মামলায় কারাগারে থাকা এক বাসচালকের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকাল ছয়টায় তাঁরা ধর্মঘট শুরু করেন। এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের ডাক দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি আদালতে হাজিরা দিতে যাওয়া এক চালককে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে থাকা ওই চালকসহ অন্য পরিবহনশ্রমিকদের মুক্তির দাবিতে বাসচালক ও তাঁদের সহযোগীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এ অবস্থায় বাধ্য হয়ে মালিকেরা রাস্তায় বাস নামাতে পারছেন না। বাস কবে থেকে চলবে, সেটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ১ জুলাই নওগাঁ-সাপাহার রুটে চলাচলকারী একটি বাসের চালক শহরের জলিল পার্ক এলাকায় নিয়ন্ত্রণ হারালে দুটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসের যাত্রী, পার্কের দর্শনার্থীসহ অন্তত ২০ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর বাসের চালক ইমরান হোসেন ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তখন আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার পরবর্তী শুনানিতেও তাঁর জামিন নামঞ্জুর হয়। ইমরানসহ সম্প্রতি বিভিন্ন দুর্ঘটনার মামলায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাত শ্রমিক কারাগারে আছেন। কারাগারে থাকা শ্রমিকদের মুক্তির দাবিতে আজ থেকে জেলার ভেতরের সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন বা বাস মালিক সমিতির পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়নি। ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকেরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির বর্তমান নেতাদের কাছে গ্রেপ্তার-হয়রানি বন্ধে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রমিকেরা দেনদরবার করতে বললেও তাঁরা সেটা করেননি। বাধ্য হয়ে নিজেদের দাবি আদায়ে শ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের ধর্মঘট চলবে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ১ জুলাই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় জামিন নিতে গেলে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানো হয়। ওই চালকের মুক্তির বিষয়ে পুলিশের কিছুই করার নেই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে মুক্তি পেতে হবে। মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা দুর্ঘটনার মামলার বিষয়টি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে কাজ করছেন।

এদিকে হঠাৎ বাস ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই পরিবহন ধর্মঘটের বিষয়ে জানতেন না। দুপুর ১২টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাড়িতে আমার মা অসুস্থ। মাকে দেখতে সাপাহারে গ্রামের বাড়ি যেতে চাই। সকাল থেকে অনবরত বৃষ্টি হওয়ায় বের হতে পারিনি। দুপুরে বৃষ্টি থামায় বাড়িতে যাওয়ার জন্য বাস ধরতে স্ট্যান্ডে এসে দেখি, বাস চলছে না। বাস ধর্মঘটের খবর জানতাম না। এখন বিকল্প উপায়ে অটোরিকশায় করে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু ভাড়া চাইছে দ্বিগুণের বেশি।’