খোলা আকাশের নিচ থেকে সেফ হোমে ঠাঁই হলো মানসিক ভারসাম্যহীন নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোলা আকাশের নিচ থেকে উদ্ধার করে সেফ হোমে নেওয়া হয়েছে মানসিক ভারসাম্যহীন এই নারীকে। গতকাল রাতে রাজশাহীর পবা উপজেলার বায়া সেফ হোমে
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর ঠাঁই হয়েছে বায়া সেফ হোমে (সরকারি নিরাপদ আবাসন কেন্দ্র)। এক মাস ধরে এই নারী উপজেলার তকিপুর এলাকার উত্তরা কোল্ড স্টোরেজের সামনে খোলা আকাশের নিচে বাস করছিলেন। খবর পেয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এই নারীর দায়িত্ব নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আহমেদের নির্দেশনায় তাঁকে খোলা আকাশের নিচ থেকে উদ্ধার করে সেফ হোমে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, পবার এসি ল্যান্ড (সহকারী কমিশনার) অভিজিত সরকারের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন নারীর বিষয়ে জানতে পারেন। এরপর তাৎক্ষণিক তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান এবং তাঁকে বায়া সেফ হোমে পাঠানোর নির্দেশনা দেন।

রোদ-বৃষ্টি মাথায় নিয়ে পবা উপজেলার তকিপুর এলাকায় বসবাস করছিলেন অজ্ঞাতনামা এই নারী
ছবি: সংগৃহীত

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী জানান, ঘটনাস্থল গিয়ে তিনি ওই নারীর আত্মীয়স্বজনের পরিচয় জানার চেষ্টা করেন। আত্মীয়স্বজনের খোঁজখবর না পেয়ে এয়ারপোর্ট থানায় জিডি (সাধারণ ডায়েরি) করে তাঁকে সেফ হোমে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে স্থায়ীভাবে পুনর্বাসিত করা হবে।

উত্তরা কোল্ড স্টোরেজের নৈশপ্রহরী রিপন বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী এক মাস ধরে রোদ-বৃষ্টি মাথায় করে এই ফাঁকা জায়গায় আছেন। প্রতিদিন তিনিসহ এলাকার লোকজন তাঁকে খাবার দিতেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাঁকে অন্য নিরাপদ আশ্রয়ে নেওয়া যাচ্ছিল না। প্রশাসনের প্রচেষ্টায় তাঁর সেফ হোমে ঠাঁই হওয়ায় ভালো লাগছে। এখন থেকে আর তাঁকে রোদ-বৃষ্টিতে কষ্ট করে থাকতে হবে না।

তকিপুর এলাকার বাসিন্দা সোলায়মান হোসেন বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও এই নারীর আত্মীয়স্বজনের কোনো খোঁজখবর পাইনি। আমার বউ, ছেলে-মেয়ে এই নারীকে খাবার খাওয়াত এবং বৃষ্টিতে ভিজে গেলে শুকনা কাপড় দিত।’

পবার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই নারীর খোলা আকাশের নিচে বসবাসের বিষয়টি নজরে আসে। তিনি বিষয়টি জেলা প্রশাসক শামীম আহমেদকে জানান। এরপর দ্রুত সময়ের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ঘটনাস্থলে আসেন এবং তাঁকে বায়া সেফ হোমে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।