চট্টগ্রাম নগরে মাজারে ককটেল নিয়ে আসে দুজন, ধরা পড়ল পুলিশের হাতে

চট্টগ্রামের শাহ আমানত (রা.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত (রহ.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের জেল রোড এলাকায় মাজারের সামনের উঠান থেকে তাঁদের আটক করা হয়। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির রাতে প্রথম আলোকে বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মাজারের ভেতর থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করা ককটেলটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এসে নিজেদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে মাজার এলাকায় পুলিশ অবস্থান করছে।