বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, সেন্ট মার্টিন পরিবহনের সুপারভাইজার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সেন্ট মার্টিন পরিবহনের সুপারভাইজার নিহত হন। আজ সকালে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার দরগা এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সীতাকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় সেন্ট মার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও তিন যাত্রী। আজ শুক্রবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার দরগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুপারভাইজার মো. ইসমাইল (৩০) ঢাকা ডেমরার পূর্ব বসনগর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক কুমার সিংহ প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিন পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকালে বার আউলিয়া দরগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দেয় বাসটি। পরে সেখানে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, সকালে বাস দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে লাশ পুলিশকে হস্তান্তর করা হয়। পাশাপাশি আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।