জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নবনির্মিত ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (ইস্ট)। গত শনিবার সন্ধ্যায় এই ইউনিটটি বানিজ্যিকভাবে উৎপাদনে যায়
ছবি: প্রথম আলো।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নবনির্মিত প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ইউনিট বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যায়। আজ রোববার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবদুল মজিদ এ তথ্য জানিয়েছেন।

গতকাল থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে নবনির্মিত ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে (ইস্ট) বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এর ফলে এই প্ল্যান্ট থেকে প্রতিদিন আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে নতুন ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের নির্মাণকাজ শুরু হয়। এরপর করোনাসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ে এ প্ল্যান্টের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে গত সেপ্টেম্বরের শেষ দিকে নির্মাণকাজ শেষ হয়। কিন্তু গ্যাসের অভাবে উৎপাদন চালু করা যায়নি। এটি নির্মাণে ১৮০ দশমিক ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।

এ বিষয়ে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী ও ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক আবদুল মজিদ বলেন, নতুন প্ল্যান্ট গ্যাসের অভাবে চালু করতে বিলম্ব হয়েছে। এখানে ১৫ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এরপর গতকাল সন্ধ্যা থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান আজ সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও এ ইউনিট থেকে ৪৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে এখন জাতীয় গ্রিডে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে।