কোটা সংস্কার আন্দোলন, মাগুরায় দুই পরীক্ষার্থীসহ ২৪ জনের জামিন নামঞ্জুর

আদালতপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া একটি মামলায় ২৪ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাঁদের মধ্যে দুজন পরীক্ষার্থীসহ পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।

আজ সোমবার মাগুরা সদর আমলি আদালতে ওই আসামিদের জামিন শুনানি হয়। একই মামলায় গতকাল রোববার অপর এক শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেন আদালত।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১৮ জুলাই মাগুরা যশোর মহাসড়কে মৎস্য ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ওই দিন দিবাগত রাত ১২টার পর মাগুরা সদর থানায় উপপরিদর্শক (এসআই) শিমুল হালদার একটি মামলা করেন। সেখানে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। ওই মামলায় ছয় শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ২৫ জন কারাগারে রয়েছেন। তাঁদের মধ্যে সোমবার ২৪ জনের জামিন আবেদন করেন আইনজীবীরা। যুক্তি-তর্ক শুনে সবার জামিন নামঞ্জুর করেন মাগুরা সদর আমলি আদালতের বিচারক মো. হুমায়ুন কবির।

আইনজীবীরা বলছেন, এই মামলায় কারাগারে থাকা ব্যক্তিদের মধ্যে অন্তত ৬ জন শিক্ষার্থী। তাঁরা হলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সবুজ হোসেন শাওন (২৩), একই কলেজের স্নাতক প্রথম বর্ষের মো. হাবিবুল হাসান (২০), ইমামুল হোসেন (২১) ও মো. জিয়াউর রহমান (২০) এবং মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মো. নিহাজ উদ্দিন (১৯) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তৌহিদুজ্জামান নাইম (২১)।

আইনজীবীরা জানান, শিক্ষার্থীদের মধ্যে অন্তত দুজন পরীক্ষার্থী। মো. নিহাজ উদ্দিন এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন। আর মো. সবুজ হোসেন শাওনের স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে।

কারাগারে থাকা মো. নিহাজ উদ্দিনের বাবা মো. ওলিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়িতে একটা ছাপড়া ঘর। অটোভ্যান চালায়ে সংসার চালাই। দুই ছেলে ও এক প্রতিবন্ধী মেয়ের মধ্যে নিহাজ বড়। অনেক কষ্ট করে দুই ছেলেকে পড়ালেখা করাচ্ছি। কীভাবে কী হইছে, কিছুই জানি না। ওকে কবে ছাড়বে, কীভাবে ছাড়বে, কিছুই বুঝতে পারছি না। খুবই কষ্টে আছি।’

ওই শিক্ষার্থীদের আইনজীবী মাসুম বিল্লাহ কলিন্স প্রথম আলোকে বলেন, ‘মাগুরায় কোনো সংঘাত-সংঘর্ষ হয়নি। কোনো ভাঙচুর হয়নি। এই মামলায় যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ভবিষ্যৎ হুমকির মধ্যে পড়তে পারে। আদালতকে শিক্ষার্থীদের প্রবেশপত্রসহ যাবতীয় কাগজপত্র তুলে ধরা হয়েছে। তবু জামিন মেলেনি।’

এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজসহ ১৭ জন আসামির নাম উল্লেখ করা হয়। সেখানে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।