সুনামগঞ্জে গ্রেপ্তার শিক্ষার্থীদের জামিনের আদেশের কপি পৌঁছায়নি কারাগারে
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩২ জন জামিন পেলেও আজ বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আদালতের আদেশের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়নি।
বিকেলে কারাগারের ফটকে কয়েকজন শিক্ষার্থীর পরিবারের সদস্যদের অপেক্ষা করতে দেখা যায়। তবে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এর আগে বেলা একটায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে গ্রেপ্তার ৩৪ জনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। অন্য দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের জামিন আবেদনের নথি শিশু আদালতে পাঠানোর কথা বলেন ওই আদালতের বিচারক। কিন্তু শিশু আদালতে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নথি না পৌঁছানোয় তাদের জামিন আবেদনের শুনানি হয়নি।
আসামিদের পক্ষে আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমানসহ কয়েকজন শুনানিতে অংশ নেন। তৈয়বুর রহমান বলেন, পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। আদালত সব শুনে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। যাঁদের জামিন হয়েছে, তাঁদের জামিননামা আদালতে দাখিল করেছেন। তাঁরা এখনো শিশু আদালতে অপেক্ষায় আছেন। নথি এলে শুনানি করবেন। আজ সম্ভব না হলে আগামীকাল করতে হবে।
সুনামগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনো আদালতের জামিন আদেশের কপি এসে পৌঁছায়নি। কাগজপত্র আসার পর আরও ঘণ্টা দেড়েক সময় লাগবে সব প্রক্রিয়া সম্পন্ন করতে।’
আদালতের সাধারণ নিবন্ধক (জিআর) দেলোয়ার হোসেন জানান, জামিননামা পেয়ে সেগুলো কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জামিন পাওয়া বুয়েটের শিক্ষার্থীরা হলেন আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন।
অন্যরা হলেন আবদুল বারি, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, টি এম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হক ও মো. আবদুল্লাহ মিয়া।
থানা-পুলিশ সূত্র জানায়, সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায় গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ শিক্ষার্থীকে আটক করা হয়।
পরে সোমবার বিকেলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতে হাজির করলে আদালতের বিচারক ৩২ জনকে কারাগারে এবং ২ জন কিশোর হওয়ায় তাঁদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২৪ জন্য বুয়েটের বর্তমান শিক্ষার্থী। এর মধ্যে ছয়জন প্রথম বর্ষ, ছয়জন দ্বিতীয় বর্ষ, পাঁচজন তৃতীয় বর্ষ, পাঁচজন চতুর্থ বর্ষ ও দুজন স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। বাকি ১০ জনের মধ্যে ৭ জন বুয়েটের সদ্য সাবেক শিক্ষার্থী। অন্য তিনজনের মধ্যে দুজন এবার এসএসসি পাস করেছে, একজন বুয়েটের এক শিক্ষার্থীর বাসায় কাজ করে।