ডিএনডি ক্যানালে গোসলে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানালে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয় কয়েকজন বাসিন্দা। এরপর সকালে পুলিশ সেখানে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

নিহত কিশোরেরা হলো সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মনিরুল (১৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের মুন লাইট এলাকার মিজান সিকদারের ছেলে শুভ (১৫)। তারা একটি মাদ্রাসায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন

পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, এর আগে গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকাসংলগ্ন ডিএনডি ক্যানালে বন্ধুদের সঙ্গে গোসলে নামে মনিরুল ও শুভ। একপর্যায়ে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। আজ ভোরে ক্যানালের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সেখানে সুরতহাল সম্পন্ন করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, সাঁতার না জানার কারণে ক্যানালের পানিতে ডুবে ওই দুই কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়েছে।