কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মারা যান তিনি। আশফাক আহমেদ (৩৪) নামের ওই কয়েদির বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার রেজিস্ট্রিপাড়া গ্রামে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা।
সুব্রত কুমার বালা প্রথম আলোকে বলেন, আশফাক আহমেদ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা ছিল। আজ সকাল সাড়ে নয়টার দিকে কারাগারের মধ্যে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাঁকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কারাগারে বিভিন্ন প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।