রাজশাহী মেডিকেলে মৌসুমের দ্বিতীয় ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ মৌসুমে দ্বিতীয় ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
মৃত ওই কৃষকের নাম আইয়ুব আলী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম এ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম আহমেদ বলেন, গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইয়ুব আলীকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে স্থানীয় ৩৫ জন। এর আগে চলতি বছরের গত ৮ জুলাই হাসপাতালে মৌসুমের প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।