এক টেবিলে হাসানাত-খায়ের, ‘বিভেদের’ বরফ গলার আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের বিশেষ সভায় ছোট ভাই খায়ের আবদুল্লাহকে আলিঙ্গন করেন বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ। শনিবার বিকেলে
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিকে এসে অবশেষে এক টেবিলে বসলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ও তাঁর বড় ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এ সময় হাসানাত আবদুল্লাহ ছোট ভাই খায়ের আবদুল্লাহকে আলিঙ্গন করে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান।

আজ শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে বিভাগের সব জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় এ দৃশ্য দেখেন নেতারা। এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন

বরিশালে দলীয় মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ও দলীয় প্রার্থী তাঁর চাচা আবুল খায়ের আবদুল্লাহর মধ্যকার বিভেদ দানা বেঁধেছিল। বিভেদ নিরসনে হাসানাত আবদুল্লাহকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল কেন্দ্র। আজ বিকেলে ওই কমিটির ডাকে গৌরনদীতে বিশেষ সভা করে আওয়ামী লীগ।

এর আগে ২৬ মে একই কমিটি গৌরনদীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আহ্বান করেছিল। কিন্তু ওই সভায় যোগ দেননি খায়ের আবদুল্লাহ। ফলে বিভেদের বরফ গলেনি। আজকের সভায় খায়ের আবদুল্লাহর যোগদান ও বড় ভাই হাসানাত আবদুল্লাহর আলিঙ্গনের মধ্য দিয়ে এ বিভেদের অবসান হবে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা।

আরও পড়ুন

বিশেষ ওই সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার (টুকু)। সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, সভায় যে আন্তরিক ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, তাতে দলের নেতারা উজ্জীবিত হয়েছেন। এটি বরিশালে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভাগে দলীয় রাজনীতিকেও গতিশীল করবে।

সভা সূত্রে জানা গেছে, বরিশালের আসন্ন নির্বাচনে ছোট ভাইকে জয়ী করতে দলীয় নেতা-কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান হাসানাত আবদুল্লাহ। সভায় হাসানাত আবদুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, ‘আপনারা যাঁরা বিভিন্ন জেলা থেকে আসছেন, আপনাদের ওপর দায়িত্ব আমাদের মহানগরের ৩০টি ওয়ার্ডে যাঁরা দৈনিক প্রচারে নামছেন, আপনারাও তাঁদের সঙ্গে সহযোগিতা করবেন। একই সঙ্গে বরিশাল শহরে আপনাদের এলাকার যেসব পরিচিত ভোটার আছেন, তাঁদের কাছে ভোট চাইবেন। আপনারা ওয়াদা করে যান, আপনারা আমার ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে কাজ করে তাঁকে জয়যুক্ত করবেন। পরে খায়ের আবদুল্লাহ উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‌‘সব ভেদাভেদ ভুলে আসুন, আমরা সবাই নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।’

আরও পড়ুন
আবুল খায়ের আবদুল্লাহ

সূত্র জানায়, সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেন। তবে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ সভায় যোগ দেননি।

সভায় বিভাগের পাঁচ জেলার শীর্ষ নেতারা যোগ দেন। গৌরনদী পৌরসভা মাঠে এ সভা হয়। সভায় বড় ভাই হাসানাত আবদুল্লাহর পাশের চেয়ারে বসেন খায়ের আবদুল্লাহ। সভায় বিভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। দুই ভাইয়ের মান-অভিমান নিয়ে যখন ভোটের মাঠে নানা আলোচনা-সমালোচনা, তখন তাঁদের আলিঙ্গন ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন দলটির নেতা-কর্মীরা।

আরও পড়ুন

হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে জাতীয় কমিটির সদস্য গোলাম আব্বাস চৌধুরী প্রথম আলোকে বলেন, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এখন পুরো শক্তি নিয়ে তাঁরা নৌকাকে বিজয়ী করতে মাঠে নামবেন। এটিকে একটি অভূতপূর্ব ঐক্যের ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

মনোনয়ন পাওয়ার পর খায়ের আবদুল্লাহ বরিশালে ফেরার পর তাঁকে ঘিরে আলাদা একটি বলয় তৈরি হয়। প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের অনুসারী নেতা-কর্মী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক ও হাসানাত পরিবারের একচ্ছত্র আধিপত্যে ছিটকে পড়া পুরোনো নেতা-কর্মীরা খায়ের আবদুল্লাহকে সমর্থন দিচ্ছেন।

খায়ের আবদুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দীন প্রথম আলোক বলেন, ‘দুই ভাইয়ের এই ঐক্য একটা ইতিবাচক ঘটনা বলে মনে করি।’

আরও পড়ুন
আরও পড়ুন