ব্রাহ্মণবাড়িয়া-৩: স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ায় ছাত্রলীগ নেতাকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের (কাঁচি) পোস্টার ছিনিয়ে নেওয়ায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ছাত্রলীগের এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।
ছাত্রলীগের ওই নেতারা নাম শেখ মঞ্জুর ই মাওলা ফারহান। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থক। মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা ফিরোজুর রহমান। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে জেলা শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশায় করে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে মেড্ডা এলাকার পাসপোর্ট কার্যালয়ের সামনের সড়ক দিয়ে প্রচারণা চালানোর সময় ফিরোজুরের পোস্টার ছিনিয়ে নেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর। পরে ফিরোজুরের ছেলে শেখ ওমর ফারুক বিষয়টি সম্পর্কে সদর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছান নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্য নেওয়ার পর রাত ১০টার দিকে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ার কারণে ছাত্রলীগ নেতা শেখ মঞ্জুর ই মাওলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন প্রথম আলোকে বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ার কারণে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ টহল কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।