মেট্রোরেলের জন্য এমআরটি পুলিশ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় মেট্রোরেলের উত্তর ডিপোর সামনে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মেট্রোরেলের নিরাপত্তার জন্য ম্যাস র‍্যাপিড ট্রানজিট পুলিশ (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে রয়েছে। এটির অনুমোদন হওয়ার আগপর্যন্ত ডিএমপি মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করবে।

আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় মেট্রোরেল উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের উত্তর ডিপোর সামনে এ উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তাব্যবস্থা–সংক্রান্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

মেট্রোরেলকে জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে অভিহিত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আগামীকাল আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। আমরা মেট্রোরেলে চড়ে ঢাকার যানজটকে রেখে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি। মেট্রোরেল উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসছেন। একই সঙ্গে মেট্রোরেলের উত্তরা উত্তর ডিপোতে একটি জনসভা করবেন তিনি। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান ও এই জনসভাস্থলে অনেক ভিআইপি অতিথি আসবেন। এলাকাটি মূল ঢাকা থেকে বেশ দূরে। যে কারণে আমিও আমার সহকর্মীদের এখানে নিয়ে এসেছি, যাতে আমরা সবাই মিলে নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে পালন করতে পারি।’

মেট্রোরেল উদ্বোধন হচ্ছে আগামীকাল বুধবার, ঢাকার গণপরিবহনে ঘটছে নতুন যুগের সূচনা
ছবি: প্রথম আলো

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা পুলিশ) হারুন-অর রশিদ, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার (অপরাধ) বিজয় বিপ্লব তালুকদার, উপকমিশনার হামিদা পারভীন প্রমুখ।