ওমান থেকে নিয়ে আসা যাত্রীর ব্যাগ তল্লাশি করে পাওয়া গেল ৩০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা বিদেশি সিগারেটছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে।

কাস্টমস কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের ফ্লাইটে আসা আতিকুর রহমান নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো মন্ড ব্র্যান্ডের। ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। এসব সিগারেটের মাধ্যমে তিনি প্রায় ছয় লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।

ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন। এ জন্য কোনো শুল্ক-কর দিতে হবে না। এর বেশি আনার সুযোগ নেই। আর আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, জব্দ করা সিগারেটের রাজস্ব ছয় লাখ টাকা। রাজস্ব না দেওয়া পর্যন্ত এসব সিগারেট চট্টগ্রাম কাস্টমসের হেফাজতে থাকবে। ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।