নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন: আবদুল আউয়াল মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ সরকার শুধু ভোট চোরই নয়; ভোট ডাকাত। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে হবে না। এরপরেও যদি তারা নির্বাচন করতে চায়, তা প্রতিহত করা হবে। আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে ঝালকাঠিতে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন। আজ সকাল ১০টায় জেলা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘একজন স্বশিক্ষিত নারীর কাছে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছেন। এটাই প্রমাণ করে এই সরকারের সময় শেষ হয়ে গেছে। ইভিএম দিয়ে যদি কারচুপি না করত, তাহলে ওই নারীর কাছে বিপুল ভোটে পরাজয়ের বিষয়ে জাতি জানতে পারত।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন। এটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন। সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, বরিশাল মহানগর বিএনপির সভাপতি এবায়দুল হক, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা, বরিশাল মহানগর যুবদল সভাপতি তছলিম উদ্দিন, নির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের।
পুলিশের অনুমতি নিয়ে জেলা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশকে সফল করতে জেলা বিএনপি আগে থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। সমাবেশ কেন্দ্র করে আজ সকাল থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। তবে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।