রাজবাড়ীতে পরিত্যক্ত জমিতে বিষমুক্ত কমলা চাষ
ছরোয়ারের বাড়িতে প্রায় ১০ বিঘা জমি পরিত্যক্ত পড়ে ছিল। বাঁশবাগান আর খড়কুটো ফেলে রাখায় সেখানে কোনো চাষাবাদ হতো না। জমিগুলো ফেলে না রেখে কিছু একটা করবেন ভাবেন ছরোয়ার। ইউটিউব দেখে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে ফলের বাগান করার সিদ্ধান্ত নেন। ওই পরিত্যক্ত জমির দুই বিঘায় বিভিন্ন জাতের কমলা চাষ করেছেন তিনি। এখন বাগান থেকেই বিষমুক্ত কমলা কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। অনেকেই তাঁকে দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন।
ছরোয়ার হোসেন বিশ্বাস ওরফে বাবুর (৪৫) বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরবাগমারা গ্রামে। দুই বিঘা জমিতে কমলা চাষের পাশাপাশি তিনি লিচু, মাল্টা ও পেয়ারার বাগান করেছেন।
আমার বাড়িতেও জমি আছে। সেখানে পেঁপে, কলাসহ বিভিন্ন সবজি চাষ করি। কমলার বাগান দেখে প্রাণ ভরে গেছে। আমিও কমলার বাগান করব।
ছরোয়ার হোসেন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের কিছু জমি ছিল পরিত্যক্ত। ওই জমিতে বাঁশবাগান ছিল। ইউটিউব দেখে আমি কমলা চাষে উদ্বুদ্ধ হই। পরে কৃষি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করি। কর্মকর্তারা এসে মাটির গুণাগুণ পরীক্ষা করেন। তাঁরাও কমলা চাষ করার পরামর্শ দেন। এরপর কমলা চাষে নেমে পড়ি।’
ছরোয়ার আরও বলেন, দুই বছর আগে কমলা চাষের জন্য তিনি জমি প্রস্তুত করেন। চুয়াডাঙ্গা থেকে গাছের কলম কিনে চারা লাগান। ইউটিউব দেখে কমলা চাষের বিভিন্ন বিষয় রপ্ত করেন। কৃষি কর্মকর্তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। এ ছাড়া গাছে তেমন রোগও হয়নি। গাছের বয়স তিন বছর হওয়ার পর কমলা আসার কথা ছিল। কিন্তু দুই বছরেই তাঁর বাগানের অধিকাংশ গাছে ফল এসেছে। রং, স্বাদ—দুটোই ভালো।
সরেজমিনে দেখা যায়, কমলা ছাড়াও বিভিন্ন ফলের চাষ করা হয়েছে। কমলাবাগান আলাদাভাবে প্রাচীর দিয়ে ঘিরে রাখা। একপাশে প্রবেশপথ। বাগানে ঢুকতেই চোখে পড়ল সারি সারি গাছে থোকায় থোকায় কমলা ঝুলছে। মোট ৪ ধরনের ১৬০টি কমলার গাছ আছে বাগানে। সবচেয়ে বেশি দার্জিলিং জাতের কমলা। এ ছাড়া নাগপুরী, চায়না ও ম্যান্ডারিন জাতের কমলাও আছে। ক্রেতারা গাছ থেকে অগ্রিম কমলা কিনে রেখেছেন। ওই গাছে ক্রেতার নাম ও ফোন নম্বর দিয়ে সাইনবোর্ড টাঙানো। বিভিন্ন বয়সী মানুষ কমলাবাগান দেখতে এসেছেন। বাগানের মাঝখানে একটি উঁচু ঘর করা হয়েছে। সেখান থেকে পুরো বাগান পর্যবেক্ষণ করা হয়।
খরচের বিষয়ে ছরোয়ার হোসেন বলেন, দুই বছরে তাঁর সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। তবে এখন আর বড় খরচ নেই। এবার অন্তত দেড় লাখ টাকার কমলা বিক্রি করতে পারবেন। আগামী বছর ৫০ হাজার টাকার মতো খরচ হতে পারে। তবে উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে। ১০ বছর তিনি কমলা বিক্রি করতে পারবেন।
ছরোয়ারের কমলাবাগান দেখে এলাকার অনেকেই কমলা চাষে আগ্রহী হচ্ছেন। অনেক দর্শনার্থী তাঁর কাছে গাছের কলম চাচ্ছেন। ছরোয়ারও গাছের চারা উৎপাদন করবেন বলে জানান। ছরোয়ার বলেন, ‘এলাকার অনেকেই গাছের কলম চাচ্ছেন। আমি এ বছর এক হাজার চারা উৎপাদন করব। আগামী বছর থেকে চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকবে ১০ হাজার।’
রায়নগর গ্রামের কৃষক হাশেম মোল্লা বলেন, ছরোয়ারের বাগান দেখে তাঁর খুব ভালো লেগেছে। পেশায় তিনি একজন কৃষক। তিনিও কমলাবাগান করবেন। গাছের চারা চেয়েছেন। এবারই বাগান করবেন তিনি। আবুল হোসেন নামের আরেক কৃষক বলেন, ‘আমার বাড়িতেও জমি আছে। সেখানে পেঁপে, কলাসহ বিভিন্ন সবজি চাষ করি। কমলার বাগান দেখে প্রাণ ভরে গেছে। আমিও কমলার বাগান করব।’
ছরোয়ারের বাগান থেকে অগ্রিম ২০০ টাকা কেজি দরে দুটি গাছের কমলা কিনে রেখেছেন প্রতিবেশী সালাম আল মাসুদ। তিনি বলেন, ‘এখানে বিষমুক্ত কমলা চাষ হচ্ছে। বাড়ির পাশেই বাগান। আমি দুটি গাছ কিনেছি। প্রতি কেজি কমলার দাম ২০০ টাকা। আরেকটু পরিপক্ব হলে নিজের হাতে কমলা পেড়ে খেতে পারব।’
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম সহীদ নূর আকবর প্রথম আলোকে বলেন, রাজবাড়ীতে সম্প্রতি কমলা চাষ শুরু হয়েছে। দুজন বাণিজ্যিকভাবে কমলার চাষ করেছেন। অনেকেই তাঁদের কাছে পরামর্শ নিচ্ছেন। ফলন মোটামুটি ভালো হয়েছে।