রংপুর টাউন হলের মাঠে খেলাপ্রেমীদের আনন্দ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর টাউন হল মাঠে বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার খেলা দেখতে হাজারো দর্শকের ভিড়
ছবি: প্রথম আলো

ঘড়িতে তখন শনিবার দিবাগত রাত ১২টা। খেলা শুরু হওয়ার এক ঘণ্টা বাকি। এরই মধ্যে দলে দলে ছুটে আসছেন ফুটবলপ্রেমী মানুষ। ভুভুজেলা বাজাতে বাজাতে কেউ আসছেন। কেউ আসছেন আর্জেন্টিনার পতাকা হাতে। শিশু, কিশোর, নারীরাও মাঠে এসেছেন। এক ঘণ্টার মধ্যে পুরো মাঠ ভরে যায়। রংপুর টাউন হল মাঠ মানুষে ভরে যায়।

টাউন হলের মাঠে বিরাট পর্দা লাগানো হয়েছে। আছে সাউন্ড সিস্টেম। আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের পক্ষ থেকে এই খেলা দেখার আয়োজন করা হয়েছে। প্রতিদিনই চলে বড় পর্দায় খেলা দেখা। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার দিন হাজার হাজার দর্শকে মাঠ ভরে যায়। গতকাল মধ্যরাতে নকআউট পর্বে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখতে হাজারো মানুষ ভিড় করেন এখানে।

টাউন হল চত্বরে অবস্থিত পুরাতন নাট্য সংগঠন শিখা সংসদের নাট্যকর্মী জাহাঙ্গীর কবীর প্রতিদিনই খেলা দেখেন এখানে। এখান থেকে তাঁর বাড়ি প্রায় তিন কিলোমিটার দূরে শালবন বোতলা এলাকায়। তিনি বলেন, ‘এভাবে বড় পর্দায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে খেলা দেখার মজাই আলাদা। মনে হয় স্টেডিয়ামে বসে খেলা দেখছি।’ দর্শকদের মধ্যে হৃদ্যতাপূর্ণ খুনসুটি চলে বলে জানালেন তিনি।

টাউন হলের মাঠে প্রবেশের আগে প্রধান ফটক পেরিয়ে দেখা গেল সারি সারি খাবারের দোকান। ভাপা পিঠা, গুড়ের জিলাপি, পেঁয়াজি, ঝালমুড়ির দোকানেও ভিড় দেখা গেল। খেলা দেখতে আসা মানুষের কারণে এসব ভ্রাম্যমাণ দোকানে বিক্রিবাট্টাও বেশ ভালো।

জুম্মাপাড়া থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে খেলা দেখতে এসেছেন মজিবর রহমান নামের একজন ব্যবসায়ী। তিনি বলেন, ‘স্ত্রী- সন্তানের আবদার বাড়ির বাইরে গিয়ে মুক্ত আকাশের নিচে হাজার মানুষের মধ্যে খেলা দেখার। খেলা দেখার সঙ্গে ঝালমুড়ি, গরম-গরম ভাপা পিঠা ও গুড়ের জিলাপি খেতে ভালোই লাগে। অন্য রকম স্বাদ।’

ওসমান গণি প্রায় দিনই এখানে ভ্রাম্যমাণ খাবারের দোকান দিয়ে বসেন। তিনি বলেন, ‘গরম গরম গুড়ের জিলাপির চাহিদা বেশি। সেই সঙ্গে ছোট ছোট পেঁয়াজি ভাজা হচ্ছে, বিক্রিও হচ্ছে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার দিন দর্শক বেশি হয়। সে দিন অনেক টাকার বিক্রি হয়।’

রংপুরের ব্যবসায়ী তানভীর আশরাফী নিয়মিত এখানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন। তিনি বলেন, বিনোদনের জন্য একটি ভালো উদ্যোগ। মধ্যরাতে একসঙ্গে হাজার হাজার মানুষের উপস্থিতিতে খেলা দেখার আনন্দই আলাদা। শহরের কত পরিচিত মুখের সঙ্গে দেখা হয়।

খেলা শেষে রাত তিনটায় বাড়ি ফেরার পথে দেখা যায়, প্রধান সড়কসহ প্রতিটি পাড়া-মহল্লার সড়কে মানুষের ভিড়। শুধু টাউন হল মাঠ নয়, এভাবে প্রায় প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন ছিল। গভীর রাত হলেও যেন পুরো শহর জেগে থাকে খেলা দেখার উন্মাদনায়। খেলা শেষে জয়ী দলের সমর্থকদের মিছিল-স্লোগানে মুখরিত থাকে মধ্যরাতের রংপুর। ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের দিন সেই মিছিল-স্লোগানের আওয়াজ যেন সবকিছুকে ছাপিয়ে যায়!