ব্রাহ্মণবাড়িয়ায় সওজের জায়গা থেকে অবৈধ ২৫ পাকা স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুধর থেকে রামরাইল এলাকা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা ২৫টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফয়সাল আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, দখলদারদের প্রথমে নোটিশ দেওয়া হয়েছিল। পরে লাল দাগ দিয়ে সতর্ক করা হয়। গত রোববার এ বিষয়ে মাইকিংও করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ অভিযান চালানো হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের সওজের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবনসহ পাকা স্থাপনা নির্মাণ করে রেখেছিলেন দখলদারেরা। বর্তমানে কুমিল্লা-সিলেট মহাসড়কটি সম্প্রসারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও তাঁরা স্থাপনাগুলো নিজ দায়িত্বে সরিয়ে নেননি।
আজ দুপুরে সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ পাকা স্থাপনা একটি বুলডোজার ও তিনটি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উপড়ে ফেলা হয় লোহার খুঁটি।
অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সওজের ব্রাহ্মণবাড়িয়ার উপবিভাগীয় প্রকৌশলী ডেইজি রায় বলেন, আগামীকালও একইভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে উচ্ছেদাভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।