যশোরে তিন মাসে কোনো ধান সংগ্রহ হয়নি 

সংগ্রহ অভিযান শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহের সম্ভাবনা ক্ষীণ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

যশোরে সরকারি খাদ্যগুদামে নির্ধারিত দামে ধান বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের। সংগ্রহ অভিযান শেষ হতে আর মাত্র পাঁচ দিন বাকি। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ১ শতাংশও ধান কেনা সম্ভব হয়নি। তবে চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পথে।

যশোর জেলা খাদ্যনিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু বলেন, ‘চলতি আমন সংগ্রহ অভিযানে সরকারিভাবে ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে, স্থানীয় বাজারে তার কাছাকাছি দামে ধান বেচাকেনা হচ্ছে। তা ছাড়া খাদ্যগুদামগুলো কিছুটা দূরে হওয়ায় ধান পরিবহনে কৃষকের ব্যয় বেড়ে যাচ্ছে, সময়ও বেশি লাগছে। এ কারণে খাদ্যগুদামে ধান সরবরাহ করতে কৃষক আগ্রহী হননি। সংগ্রহ অভিযান শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহের সম্ভাবনা ক্ষীণ। তবে চুক্তিবদ্ধ চালকলের মালিকেরা ঠিকমতো চাল সরবরাহ করছেন। এতে এ পর্যন্ত প্রায় ৮৭ শতাংশ চাল সংগৃহীত হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ে অবশিষ্ট চাল সংগ্রহ সম্ভব হবে।’

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলার আটটি উপজেলার মধ্যে সদর, শার্শা, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় কৃষি অ্যাপের মাধ্যমে এবং অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনা চলছে। ধান-চাল কেনার শুরুর সময়ে জেলার হাটবাজারে মোটা ধান ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং চিকন ধান ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত মণ দরে বিক্রি হয়েছে। ধানের দাম কিছুটা কমেছে। বর্তমানে মোটা ধান ১ হাজার ১১০ থেকে ১ হাজার ১২০ টাকা এবং চিকন ধান ১ হাজার ২৪০ থেকে ১ হাজার ২৫০ টাকা পর্যন্ত মণ দরে বিক্রি হচ্ছে। গুদামে ধানের নির্ধারিত দাম ১ হাজার ১২০ টাকা মণ। গুদামে ধান বিক্রি করা বেশ ঝামেলার। তা ছাড়া মোটা ধানের বাজারদর এবং সরকার নির্ধারিত দাম প্রায় কাছাকাছি। কিন্তু চিকন ধানের দাম বেশি। গুদামে ধান পৌঁছে দিতে পরিবহন খরচ বেশি পড়ে, শ্রমও ব্যয় হয় বেশি। এ জন্য কৃষকেরা গুদামে ধান বিক্রি করতে চান না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, কৃষকদের একটি করে কৃষি কার্ড আছে। ওই কার্ডে কৃষকের নাম-পরিচয় এবং তাঁর চাষ করা জমির পরিমাণ উল্লেখ রয়েছে। জেলায় কার্ডধারী কৃষকের ব্যাংকে ১০ টাকার হিসাব রয়েছে। ধান কেনার পর কৃষকের ব্যাংক হিসাবে টাকা দেওয়া হয়। কৃষক ব্যাংক হিসাব থেকে টাকা তোলেন।

জেলা খাদ্যনিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, চলতি আমন সংগ্রহ মৌসুমে যশোর জেলায় কৃষকদের কাছ থেকে ৪ হাজার ৯৯৮ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ ছাড়া জেলায় ৯ হাজার ৯৯৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৭ নভেম্বর থেকে ধান ও চাল  সংগ্রহ অভিযান শুরু হয়। চাল সরবরাহের জন্য ১৯৭ জন চালকলমালিক ৮ হাজার ৮২ মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত ১৮৬ জন চালকলমালিক চাল সরবরাহ করছেন। চাল ৪২ টাকা এবং ধান ২৮ টাকা কেজি দরে কেনা হচ্ছে। ১৪ শতাংশের নিচের আর্দ্রতার ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় কোনো ধান সংগ্রহ হয়নি; অর্থাৎ ধান সংগ্রহের হার শূন্য শতাংশ। তবে এই সময়ে চাল সংগ্রহ হয়েছে ৬ হাজার ৭৯৫ মেট্রিক টন, যা মোট চুক্তির ৮৭ শতাংশ। সূত্র জানায়, একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রি করতে পারেন। ধান কেনার পর গুদাম থেকে কৃষককে ওজনমান মজুত সনদ দেওয়া হয়। কৃষক ওই সনদ ব্যাংকে তাঁর নিজস্ব ১০ টাকার হিসাবে জমা দিয়ে তাঁর হিসাব থেকে চেক দিয়ে ধান বিক্রির টাকা তোলেন।

যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের কৃষক রাসেল উদ্দীন এবার সাড়ে আট বিঘা (৪২ শতকে এক বিঘা) বন্ধকি জমিতে আমন ধানের চাষ করে ২০০ মণের মতো ধান পেয়েছেন। এর মধ্যে ১৬০ মণ ধান তিনি ১ হাজার ৩০০ টাকা এবং ২৬ মণ ধান ১ হাজার ৯৭৫ টাকা মণ দরে বাড়ি থেকে বিক্রি করছেন। তিনি বলেন, ‘গুদামে ধান বিক্রিতে ঝামেলা হয়। বাড়িতে ধান বিক্রিতে কোনো ঝামেলা নেই। এ জন্য গুদামে ধান বিক্রি করিনি।’