ঝালকাঠিতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির করা গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া দিলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা। সেখানে পুলিশের ব্যারিকেডের মধ্যে সমাবেশ করেন তাঁরা।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করতে দেওয়া হয়নি।