মেসিভক্ত কিবরিয়ার ব্যতিক্রমী আয়োজন, সড়কে ছুটছে ‘আর্জেন্টিনা বাস’
নীল-সাদা রঙে মোড়ানো একটি বাস ছুটে চলছে শেরপুরের নালিতাবাড়ী থেকে রাজধানী ঢাকার পথে। দূর থেকে দেখলে মনে হবে, যেন আর্জেন্টিনার জার্সি গায়ে সড়কে ছুটে চলেছে কেউ। বাসের দুই পাশে আছে বিশ্বজয়ী তারকা লিওনেল মেসির বিশাল ছবি।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন দেশজুড়ে সমর্থকদের উন্মাদনা শুরু হয়েছে, ঠিক তখন ব্যতিক্রমী এই আয়োজন করে আলোচনায় এসেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’–এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া (মাকসিম)। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে পুরো যাত্রীবাহী বাস সাজিয়ে তুলেছেন আর্জেন্টিনার পতাকার আদলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টায় বাসটি নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায়। আবার রাত আটটায় মহাখালী থেকে নালিতাবাড়ীতে ফিরে আসে। সড়কে নামার পর থেকেই বাসটি দেখতে ভিড় করছেন পথচারীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই মুহূর্ত।
আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, ‘পতাকা টানানো বা বাড়িঘর রং করার ঘটনা তো প্রায়ই দেখি। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো সত্যিই অন্য রকম। আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি, সুযোগ পেলেই এই বাসে যাতায়াত করব।’
নালিতাবাড়ী শহরের বাসিন্দা ও আর্জেন্টিনার সমর্থক বিপ্লব দে বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থন করি। কিন্তু এভাবে বাস সাজানোর ঘটনা আগে দেখিনি।বাসে মেসির ছবি দেখে মনে হয়েছে, ফুটবল যেন সত্যিই মানুষের আবেগের জায়গা।’
তারাগঞ্জ উত্তর বাজারের কামরুজ্জামান বলেন, বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীরা নানা আয়োজনে মেতে ওঠেন। তবে নালিতাবাড়ীর বাসটি স্থানীয়ভাবে নতুন আকর্ষণ তৈরি করেছে। এটি এখন ফুটবল উন্মাদনার প্রতীক হয়ে উঠেছে।
বাসের মালিক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছি। দল ভিন্ন হতে পারে; কিন্তু খেলাধুলা মানুষকে এক করে।’