অংশ নিতে পারবে শুধু একটি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চারটি জেটি পরিচালনার জন্য দুটি আলাদা দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু বিজ্ঞপ্তিতে দেওয়া দুটি শর্তের কারণে কেবল একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে পারবে।

শর্ত অনুযায়ী, আবেদনকারীর টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। কেবল বাংলাদেশি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ পাবে। এ ছাড়া দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বছরে ন্যূনতম ৩৫ কোটি টাকার লেনদেন থাকতে হবে। গত তিন বছরের মধ্যে দুই বছরে গড়ে বার্ষিক এই লেনদেন থাকার শর্ত দেওয়া হয়েছে।

নাম না প্রকাশের শর্তে বন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, দেশে টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা আছে কেবল একটি প্রতিষ্ঠানের। কাজেই এখানে প্রতিযোগিতার কোনো সুযোগ নেই। অথচ গণখাতে ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী, প্রতিযোগিতা সীমিত করতে পারে, এমন কোনো শর্ত দিয়ে কোনো দরপত্র আহ্বান করা যাবে না।

জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই দরপত্র আহ্বান করা হয়েছে।’

এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী নথি না দেখে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, সরকারি কার্যক্রমে প্রচলিত বিধিবিধান প্রতিপালন করা হয়।

বন্দর সূত্র জানায়, নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচটি জেটির মধ্যে চারটিতে কনটেইনার ওঠানো-নামানোর জন্য (দুই বছর) ৫ মে দুটি দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি দরপত্রে দুটি জেটি পরিচালনার কথা বলা আছে। ৭ মে থেকে শিডিউল বিক্রি শুরু হয়। আগামী ১ জুন পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।

বন্দরে বর্তমানে ১০টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে সাতটি বেসরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে জেনারেল কার্গো বার্থ বা জিসিবির ছয় জেটিতে ছয়টি ‘বার্থ অপারেটর’ কাজ করছে। অর্থাৎ এই ছয় প্রতিষ্ঠানের টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা নেই।

বন্দরে নিয়োজিত বার্থ অপারেটররা জানান, এককভাবে ছয়টি প্রতিষ্ঠানের কারও বছরে ৩৫ কোটি টাকার বার্ষিক লেনদেন নেই।

বন্দরের পুরোপুরি চালু থাকা একমাত্র টার্মিনাল ‘চিটাগাং কনটেইনার টার্মিনাল’ পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। নিউমুরিং টার্মিনালের যে চারটি জেটির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, তার মধ্যে দুটি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

বন্দর সূত্র জানায়, এর আগে একই ধরনের কাজের দরপত্র বিজ্ঞপ্তিতে এমন কঠিন শর্ত ছিল না। ২০১২ সালে ‘চিটাগাং কনটেইনার টার্মিনাল’ পরিচালনার দরপত্র বিজ্ঞপ্তিতে বার্ষিক লেনদেন চাওয়া হয় বছরে ৮ কোটি টাকা। দেশে-বিদেশে যেকোনো বন্দরের বার্থ বা টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা থাকলেই কোনো প্রতিষ্ঠানের ওই দরপত্রে অংশ নেওয়ার সুযোগ ছিল। ওই দরপত্র বিজ্ঞপ্তিতে শর্ত ছিল, একটি প্রতিষ্ঠান কেবল একটি দরপত্রে অংশ নিতে পারবে। কিন্তু এবার (এনসিটি) একটি প্রতিষ্ঠান দুটি দরপত্রেই অংশ নিতে পারবে।

এ বিষয়ে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘কিছু শর্ত সহজ করা হবে বলে আমরা আশা করছি। এতে প্রতিযোগিতা বাড়বে, যা বন্দর ও দেশের জন্য ভালো হবে।’