অকটেনে দশে দুই, পেট্রলে দশে এক লিটার কম পাচ্ছিলেন ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ওজনে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনের মালিকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় শতাব্দী ফিলিং স্টেশন নামে পেট্রলপাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, শতাব্দী ফিলিং স্টেশন নামে ওই পেট্রলপাম্পে অভিযানকালে প্রতি ১০ লিটার অকটেনে ২ লিটার এবং ১০ লিটার পেট্রলে ১ লিটার পরিমাণ কম দেওয়া হচ্ছিল। ওজন কারচুপির হাতেনাতে প্রমাণ পাওয়ার পর ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এদিকে জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানার সহকারী কমিশনার নাসিম রেজা জানান, রোববার বগুড়া শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী, জি এম রাশেদুল ইসলাম, ফেরদৌস আরা, রোমানা রিয়াজ, তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানার নেতৃত্বে আরও ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি মামলা দায়ের করা হয়। এ সময় ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এর মধ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন করায় মাটিডালি এলাকার কোয়ালিটি আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম। একই অপরাধে সিরাজুম মুনিরা চানাচুর ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান। মোটরযানের ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন সনদবিহীন অবস্থায় যানবাহন চালানোর অপরাধে চারটি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা ও পাপিয়া সুলতানা।