অকৃতকার্য ৬২ শিক্ষার্থীর এসএসসির ফরম পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে টেস্ট পরীক্ষা দেয় ৮১ জন পরীক্ষার্থী। সব বিষয়ে চারজন পাস করে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এক বা একাধিক বিষয়ে ফেল করা আরও ৬২ জনকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দিয়েছে। 

বিদ্যালয় কর্তৃপক্ষ ও বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষার আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষায় যারা পাস করবে, তারাই এসএসসি পরীক্ষার ফরম পূরণ করবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বোর্ডের জাতীয়করণের চূড়ান্ত তালিকায় উপজেলার একমাত্র বিদ্যালয় হিসেবে এ বিদ্যালয়ের নাম তালিকায় আছে। এ বছর দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ৮১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭৭ জন অকৃতকার্য হয়। আর ওই ৭৭ জন পরীক্ষার্থীর কেউ গণিতে পাস করতে পারেনি। তাদের মধ্যে গণিতে শূন্য পেয়েছে ২৬ জন। একই সঙ্গে ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ৪১ জন। গত ৫ নভেম্বর এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এরপর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পাস করা ৪ জনসহ ৬৬ জন শিক্ষার্থীকে এসএসসির ফরম পূরণ করতে দেওয়া হয়।
কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম বলেন, অকৃতকার্য সবাই গণিতে ফেল করেছে। তবে অতিরিক্ত ক্লাস নিয়ে এ বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
এদিকে অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে ৪০ জন শিক্ষার্থীকে ফরম পূরণে সহযোগিতা করেছেন দশম শ্রেণির গণিতের শিক্ষক মো. মুরাদুল হক। ৫ জন শিক্ষার্থী বলে, ৪০ জনের কাছ থেকে ফরম পূরণের জন্য নির্ধারিত টাকা ছাড়া অতিরিক্ত আড়াই থেকে চার হাজার টাকা করে নেওয়া হয়েছে।
মুরাদুল হক বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া করে না, তাই এ ফলাফল। তবে শিক্ষার্থীরা মনে করে এসএসসি পরীক্ষায় তারা পাস করবে। মোটা অঙ্কের টাকার বিনিময় ফরম পূরণের বিষয়টি সত্য নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কোনো সমন্বয় নেই। যে যাঁর মতো করে চলেন। তাই বিদ্যালয়ে কোনো পড়াশোনা হচ্ছে না। আর কয়জন পাস করল বা ফেল করল, এ হিসাব তাঁদের কাছে থাকে না। এটা বোর্ডের বিষয়।
বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার তালুকদার মুঠোফোনে বলেন, ঘটনাটি উদ্বিগ্নের। বিষয়টি তদন্ত করা হবে। এ ছাড়া এ বিদ্যালয়ের ফলাফল এমন কেন এবং শিক্ষকেরা কী পড়াচ্ছেন, তা খতিয়ে দেখা হবে।