করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটে ছয়জনের মৃত্যুর ঘটনায় কারও গাফিলতি পায়নি পৃথক দুই তদন্ত কমিটি। একটি তদন্ত কমিটি বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে অক্সিজেনের চাপ কিছুক্ষণের জন্য কমে যায়। আরেক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত হাই ফ্লো নাজাল ক্যানুলা ব্যবহারের ফলে অক্সিজেন দ্রুত কমে চাপের তারতম্য হতে পারে।
রোগীদের আত্মীয়স্বজনের কাছ থেকে জানা যায়, ৩০ জুন করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যার পরপরই হঠাৎ করে অক্সিজেন সংকট দেখা দেয়। এ সময় হাসপাতালে ভর্তি রোগীরা হাঁসফাঁস করতে থাকেন। স্বজনেরা চিৎকার–চেঁচামেচি শুরু করেন। অনেকে কান্না জুড়ে দেন। প্রায় আধা ঘণ্টা পর অক্সিজেন স্বাভাবিক হয়। ততক্ষণে আইসিইউতে কয়েকজন রোগী মারা যান। অনেকের অসুস্থতা মারাত্মক আকার ধারণ করে।
বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ১ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে মেডিসিন বিভাগের প্রধান আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক একই দিন মোংলার স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোশারফ হোসেনকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। গতকাল শনিবার দুটি কমিটিই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে— অক্সিজেনের কোনো ঘাটতি ছিল না। চাপের তারতম্যের কারণে প্রয়োজনীয় অক্সিজেন রোগীরা পাননি। ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ সমস্যার কারণে হাসপাতালের আইসিইউতে ৪ জন ও সিসিইউতে ২ জনসহ মোট ৬ জন অত্যন্ত সংকটাপন্ন রোগী মারা যান।
প্রতিবেদনে আরও বলা হয়, সরবরাহকারী প্রতিষ্ঠান ২০-২৫ মিনিট অক্সিজেন সরবারহ করতে বিলম্ব করে। তবে তখনো রিজার্ভারে পর্যাপ্ত অক্সিজেন ছিল। তাতে সমস্যা হওয়ার কথা নয়। এমনকি চিকিৎসক, নার্স, অক্সিজেন ভেসেলে (রিজার্ভার) তদারকির দায়িত্বে থাকা কর্মচারী ও কর্মকর্তা কারও তেমন ত্রুটি পাওয়া যায়নি। সবাই আন্তরিক ছিলেন। এ ছাড়া অতিরিক্ত হাই ফ্লো নাজাল ক্যানুলা ব্যবহারের ফলে অক্সিজেন দ্রুত কমে গিয়ে প্রেশারের তারতম্য হতে পারে।
এদিকে স্বাস্থ্যের খুলনা বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা জানান, শেখ মোশারফ হোসেন নেতৃত্বাধীন কমিটি গতকাল প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদন আজ রোববার ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে কাউকে অভিযোগ না করে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণের জন্য অক্সিজেনের চাপ কমে যায়।