লকডাউন ঘোষণা করায় রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় গত শুক্রবার বিকেলে। অনেকেই ১৪ জুন পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট কিনেছিলেন। টিকিটের টাকা ফেরত নিতে গত শুক্রবার সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন যাত্রীরা। ওই সময় তাঁদের রেল কর্তৃপক্ষ ১৩ থেকে ১৫ জুনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল। কিন্তু ১৩ জুন থেকে প্রতিদিন স্টেশনে গিয়ে টাকা না পেয়ে ফিরে আসছেন যাত্রীরা।
এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, টিকিট বিক্রির টাকা পরের দিনই রেলের অর্থ বিভাগে গিয়ে জমা হয়। হঠাৎ লকডাউনে গতবারও তারা টিকিটের টাকা ফেরত দিয়েছে অর্থ বিভাগ থেকে টাকা এনে। কিন্তু এবার তারা গতকাল সোমবার পর্যন্ত আবেদন করে অর্থ বিভাগ থেকে টাকা পায়নি। পরে ট্রেন স্বাভাবিক হলে যাত্রীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য গতকাল একটি নোটিশ তারা দিয়েছে। কিন্তু যাত্রীদের কাছে নোটিশ না পৌঁছানোয় আজও ভিড় করেছেন।
এর আগে গত ৯ জুন জেলা সার্কিট হাউসে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি সভা শেষে রাজশাহীতে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা দেন বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর। ঘোষণা অনুযায়ী সেদিন রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধের কথাও বলা হয়। এতে ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ট্রেনের টিকিট কাটা যাত্রীরা বিপাকে পড়েন। তাঁরা টাকা ফেরতের জন্য পরদিনই স্টেশনে ভিড় জমান।
রাজশাহী নগরের নওদাপাড়া এলাকা থেকে চার দিন ধরে স্টেশনে অগ্রিম টিকিটের টাকা ফেরতের জন্য আসছেন শাপলা আক্তার। তিনি শুক্রবার সকালে এসে টাকা ফেরত পাননি। তাঁকে সেদিন স্টেশন থেকে বলা হয়েছিল, ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত স্টেশনে এসে টিকিট দেখালেই টাকা ফেরত দেওয়া হবে। এরপর তিনি গত রোববার, গতকাল ও সবশেষ আজ স্টেশনে এসেছেন। স্টেশন থেকে এখন তাঁকে বলা হচ্ছে টাকা নেই। ট্রেন চলাচল স্বাভাবিক হলে টাকা দেওয়া হবে।
রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থেকে টিকিটের টাকা ফেরত নিতে এসেছিলেন মো. আরিফুল ইসলাম। তিনি ১৪ জুনের বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন। এই কয়েক দিন লকডাউনের ভেতরেই স্টেশনে এসেছেন টাকা ফেরতের জন্য। আজ ঘোষণা অনুযায়ী, টিকিটের টাকা ফেরত নেওয়ার শেষ দিন হওয়ায় তিন জায়গায় পুলিশের বাধা অতিক্রম করে স্টেশনে এসেছেন।
আরিফুল বলেন, স্টেশনে আসার পর বলা হচ্ছে, কর্তৃপক্ষ টাকা ফেরত আনতে পারেনি। এই টাকা পরে দেওয়া হবে। পরে একটি নোটিশও তাঁর চোখে পড়ে। সেখানে বলা হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হলে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে।
রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবারই স্টেশনে ভিড় করেন যাত্রীরা। সেদিন ১০ জুন পর্যন্ত ট্রেনের টিকিটের প্রায় ছয় লাখ টাকা ফেরত দেওয়া হয়। ক্যাশের টাকা ফুরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ১৩ জুন থেকে টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু ট্রেনের টিকিটের টাকা সরকারি কোষাগারে জমা হয়ে যাওয়ায় টাকা ফেরত আনতে পারেনি। তাই স্টেশনের কোষাগারে এখন কোনো টাকা নেই। ১১ থেকে ১৪ জুন পর্যন্ত ছয় হাজারের বেশি যাত্রী টাকা পাবেন। এই টাকার পরিমাণ ২০ লাখ টাকার বেশি।
এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘রাজশাহী স্টেশনের ক্যাশে কোনো টাকা নেই। ট্রেন স্বাভাবিক হলে যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে। কারও টিকিটের টাকা মার যাবে না।’