অচেনা আপনজনের জন্য অশ্রুপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালি থেকে আসা প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে রাষ্ট্রদূত মারিও পালমা হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান l ছবি: সাজিদ হোসেন
ইতালি থেকে আসা প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে রাষ্ট্রদূত মারিও পালমা হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান l ছবি: সাজিদ হোসেন

হোলি আর্টিজান বেকারির সবুজ লনের এক পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। দৃষ্টি সদ্য মেরামত করা দোতলা ভবনটির দিকে। যেন হারানো কাউকে খুঁজছেন। ওড়না দিয়ে বারবার চোখ মুছছেন। কান্না যেন কেউ দেখতে না পান।

সাফিনা আমিনের এমন বাঁধভাঙা আবেগ গণমাধ্যমকর্মীদের নজর এড়াতে পারেনি। কাছে গিয়ে জানতে চাইলে বললেন, ‘আর যেন এমন ঘটনা না ঘটে। একটাই প্রত্যাশা, জঙ্গিবাদের বিনাশ।’

সাফিনা একা আসেননি, সঙ্গে স্বামী সৈয়দ রুহুল আমিনও ছিলেন। রুহুল আমিন জানালেন, ‘নিহতদের কেউ তাঁদের স্বজন নন। একজন ইশরাত আখন্দ ছিলেন পরিচিত। খুব হাসিখুশি আর মায়াময়ী ছিলেন মেয়েটি। আজ তাঁকে মনে পড়ে গেল। ছুটে এলাম শ্রদ্ধা জানাতে।’

হোলি আর্টিজানে হামলার এক বছর পর গতকাল শনিবার সেই প্রাঙ্গণটিতে জড়ো হয়েছিলেন এমন অনেকেই। তাঁরা শ্রদ্ধা-ভালোবাসায় ফুল দিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করেন। আর জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেন।

সকালে হোলি আর্টিজানের চারদিকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গুলশানের ৭৯ নম্বর সড়কে যাওয়ার তিনটি পথেই ব্যারিকেড বসানো হয়। সকাল ১০টা পর্যন্ত পুলিশ ছাড়া কারও গাড়িই সেদিকে যাতায়াত করতে পারেনি।

জঙ্গিদের হামলায় ইতালির নয়জন এবং জাপানের সাতজন নাগরিক নিহত হয়েছিলেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে প্রথম শ্রদ্ধা জানাতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনরত পুলিশের উপকমিশনার (ডিসি) মো. জসীমউদ্দিন জানান, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে জাইকার প্রতিনিধিরাও ছিলেন। তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বেলা সোয়া ১১টার দিকে যায় ইতালির রাষ্ট্রদূতসহ ছয়জনের একটি দল। ফুল দেওয়ার স্থানটির সামনে কিছু সময় অবস্থান করেন তাঁরা। এ সময় তাঁদের একজনকে ইতালীয় ভাষায় কিছু একটা পড়তে শোনা যায়। সবশেষে ছয়জন একসঙ্গে মাথা নুইয়ে শ্রদ্ধা জানিয়ে চলে যান।

হোলি আর্টিজান প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করা হয় সকাল ১০টার দিকে। ততক্ষণে ৭৯ নম্বর সড়কে জড়ো হয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় কয়েক শ নেতা-কর্মী। উন্মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে তাঁরা শ্রদ্ধা জানান। এ সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জঙ্গিরা দুর্বল হয়েছে, কিন্তু নির্মূল হয়নি। তাদের নির্মূল করতে শুধু পুলিশ ও সেনাবাহিনীর ওপর নির্ভর না করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁরা চলে যাওয়ার কিছুক্ষণ পর বিএনপির পক্ষ থেকে ফুল দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় জঙ্গিবাদ নির্মূলে সমন্বিত পদক্ষেপ গ্রহণে ক্ষমতাসীনদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। পুলিশের পক্ষ থেকে ফুল দেন অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাসদ একাংশের নেতা-কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তাহসিনা রহমান এসেছিলেন তাঁর মেয়ে নাশিতাকে নিয়ে। হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনাটিকে তিনি অভিভাবকদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন বলে জানান। তিনি বলেন, ‘আমাদের বাবা-মা আমাদের যেভাবে সময় দিয়েছিলেন, আমরা সেভাবে আমাদের সন্তানদের সময় দিতে পারছি না। বাচ্চারা যাতে ঘরের মধ্যে বন্দী হয়ে না থেকে মানুষের সঙ্গে মিশতে পারে, সে ব্যবস্থা আমাদের করতে হবে।’

নিহত ৯ ইতালীয়র একজন নাদিয়া বেনেদিত্তে। ভেলমন্ট সোয়েটার, ভেলমন্ট ফ্যাশন এবং স্টুডিওটেক্স নামে তিনটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশে বসবাস করে ব্যবসা করছিলেন তিনি। ভেলমন্ট সোয়েটারে নাদিয়ার ব্যবসায়িক অংশীদার বিপুল কুমার সমাদ্দারসহ কয়েকজন এসেছিলেন শ্রদ্ধা জানাতে। তাঁদের ফুলের তোড়ায় নাদিয়ার হাস্যোজ্জ্বল একটি ছবি সাঁটানো। বিপুল জানান, নাদিয়া ছিলেন খুবই মানবিক। কোনোভাবেই তাঁরা তাঁকে মনের আড়াল করতে পারছেন না। তাই সুযোগ পেয়ে এই স্থানটিতে তাঁরা ছুটে এসেছেন।

হোলি আর্টিজান বেকারিতে যখন হামলা হয় তখন আমেরিকায় পড়াশোনা করছিলেন নওশীন নোভা। ছুটিতে এখন দেশে আছেন। বাবা সৈয়দ এহসানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন গতকাল। স্মৃতিচারণা করতে গিয়ে বলছিলেন, ‘তখন খুব মন খারাপ হয়েছিল। বিশেষ করে ফারাজের ঘটনা শুনতে পেয়ে। আমি তার দ্বারা খুবই অনুপ্রাণিত। বন্ধুত্ব, ভালোবাসা এবং দেশপ্রেমের রোল মডেল হলো ফারাজ।’

 ট্রান্সকম গ্রুপে একসময় চাকরি করতেন এহসান উদ্দীন চৌধুরী। স্ত্রীকে নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনিও। বললেন, ‘ও তখন ছোট ছিল। অফিসে গেলে ছোটাছুটি করত। প্রাণচঞ্চল ছিল। আজকে এখানে ছুটে আসার সেও একটা কারণ।’

শ্রদ্ধা জানাতে আসা ৮৫ বছর বয়সী সানিয়া হক হাঁটছিলেন তাঁর মেয়ে রিতা মহসিনকে ধরে ধরে। ফুল দেওয়ার বেদিতে ওঠা এবং নামার সময় এগিয়ে গেলেন শ্রদ্ধা জানাতে আসা আরেকজন। দুজন মিলে যখন তাঁকে নামাচ্ছিলেন, তখন তাঁর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। নিহত ব্যক্তিদের কেউ পরিচিত ছিলেন কি না জানতে চাইলে বললেন, ‘ওদের কোনো পরিচয় লাগে না। দোয়া করতে হলে আপনজন হতে হয় না। ওরা সবার আপনজন। ফারাজ তো এখন সবার।’

বেলা দুইটায় হোলি আর্টিজান বেকারিতে জনসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। ৭৯ নম্বর সড়কের মুখে পুলিশ ব্যারিকেড দিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করে। তারপরও সন্ধ্যা অবধি ওই সড়কে ছিল উৎসুক মানুষের আনাগোনা। সন্ধ্যার দিকে পুলিশ ব্যারিকেড তুলে দিলে অনেকে বাড়িটি একবার দেখার সুযোগ পান।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি গাড়িতে করে দুই শিশুসহ পাঁচ অস্ট্রেলিয়ান নাগরিক হোলি আর্টিজান বেকারিতে আসেন। তাঁরা বাড়িটির ভেতরে যেতে পারেননি। বাড়িটির ফটকের সামনে ফুল রেখে কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়ে থাকেন। এরপর চলে যান।