অজ্ঞাত রোগে আক্রান্ত সেই রিপনকে ঢাকায় পাঠানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাত রোগে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেউটগাঁও গ্রামের সেই শিশু রিপনের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানোর ব্যবস্থা হয়েছে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের উদ্যোগে ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খায়রুল কবিরের সহযোগিতায় এ ব্যবস্থা হয়েছে।
রিপনকে নিয়ে ১৩ আগস্ট প্রথম আলোর ৩ পাতায় ‘অজ্ঞাত রোগে বন্দী রিপনের শৈশব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া এ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক ও টিভি চ্যানেলে রিপনের রোগের সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক গত মঙ্গলবার রিপনের বাবা-মাকে ঢাকায় যাতায়াতের জন্য কিছু টাকা দিয়ে তাঁদের ঠাকুরগাঁও সিভিল সার্জনের কাছে পাঠান। সিভিল সার্জন তাঁর কক্ষে গত মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালের বিশেষজ্ঞ তোজাম্মেল হক, জিল্লুর রহমান, ইব্রাহিম ও আবদুল জব্বারকে নিয়ে একটি মেডিকেল বোর্ড বসিয়ে রিপনের রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় রিপনের এ রোগকে ‘কনজেনিটাল হাইপার ক্যারোটোসিস’ (ডিফিউস ক্যারাটোডারমা) শনাক্ত করা হয়। এ সময় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। ভারপ্রাপ্ত সিভিল সার্জন রিপনের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের উপদেষ্টা সামন্ত লাল সেনকে একটি অনুরোধপত্র দেন।
রিপনের বাবা মহেন্দ্র রাম ও মা গোলাপী রাণী গতকাল শনিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রিপনকে নিয়ে শনিবার রাতে কোচে ঢাকা যাচ্ছি। তবে ঠাকুরগাঁও ডিসি সাহেব ২০ হাজার টাকা দিয়েছেন। ঢাকায় থাকা-খাওয়ার জন্যও অনেক টাকা দরকার। কীভাবে কী করব এটাই চিন্তা।’
ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খায়রুল কবির গতকাল সকাল সাড়ে ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের উপদেষ্টা অধ্যাপক সামন্ত লাল সেনের চিকিৎসায় রিপন ভালো হবে বলে আশা করছি। রিপন ভালো হয়ে পুনর্জীবন লাভ করুক এটাই আশা করি।’