অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয় লাখ টাকা খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চার গরু ব্যবসায়ী কমপক্ষে ছয় লাখ টাকা হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। 

গরু ব্যবসায়ীরা হলেন মো. শাহজাহান (৪৫), আনন্দ (৪৫), বাবু (৩০) ও আরিফ (২৫)।
ঘটনার শিকার চার গরু ব্যবসায়ীর পরিচয় নিশ্চিত করেন তাঁদের সঙ্গে থাকা গরু ব্যবসায়ী বাবু হোসেন (২৫)। তাঁর ভাষ্য, টাঙ্গাইল থেকে তাঁরা ১৫ জন মিলে ৬০টি গরু নারায়ণগঞ্জের সোনাকান্দা পশুর হাটে তোলেন। গরু বিক্রি শেষে আজ নারায়ণগঞ্জ থেকে আনন্দ পরিবহনের একটি বাসে করে তাঁরা ঢাকায় ফিরছিলেন। পথে শাহজাহান, আনন্দ, বাবু ও আরিফ অচেতন হয়ে পড়েন।
বাবু হোসেনের দাবি, অজ্ঞান পার্টির সদস্যরা ওই চার গরু ব্যবসায়ীকে অচেতন করে কমপক্ষে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
ওই চার গরু ব্যবসায়ীকে আজ সকাল পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে।