অটোরিকশা চালকের গলাকাটা লাশ মিলল ধানখেতে
জয়পুরহাটের সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ পাওয়া গেছে ধানখেতে। আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার পাইকড়তলী এলাকায় জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের পাশের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (৩৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণে খাস পাহানন্দা গ্রামের নিলু ফকিরের ছেলে। স্বজনেরা বলছেন, শফিকুলকে গলা কেটে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ বেলা ১১টার দিকে নিহত শফিকুল ইসলামের দুলাভাই মুক্তিয়ার মণ্ডল বলেন, শফিকুল কয়েক দিন আগেই তাঁর অটোরিকশায় নতুন ব্যাটারি লাগিয়েছিলেন। তিনি গতকাল সকাল নয়টার দিকে অটোরিকশা নিয়ে বের হন। রাত নয়টার দিকে মুঠোফোনে জানিয়েছিলেন, তিনি জয়পুরহাট থেকে রিজার্ভ ভাড়া নিয়ে মঙ্গলবাড়ি যাচ্ছেন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আজ ধানখেতে তাঁর গলাকাটা লাশ পাওয়া গেল।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা শফিকুলের গলা কেটে হত্যার পর তাঁর অটোরিকশা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে তাঁর অটোরিকশায় উঠেছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।