অটোরিকশা চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা
চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন। তাঁদের পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতীর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরের সৈয়দনগর এলাকার মো. সাদ্দাম হোসেন (২৩) ও আবদুর রহিম নোমান (২৭), হাটহাজারীর আমানবাজার এলাকার কামাল হোসেন (২৭), কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা এলাকার মামুন ইসলাম (২১) ও কুমিল্লার নাঙ্গলকোটের বেলগর এলাকার মো. নাছির উদ্দিন (২১)।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর পাঁচটায় উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকার একটি সড়কে ছয় ব্যক্তি সিএনজিচালিত একটি অটোরিকশা ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। অপরিচিত ব্যক্তিদের অটোরিকশা ঠেলতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তিনি চোর চোর বলে চিৎকার করলে অটোরিকশাটি ফেলে ওই ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে পাঁচজনকে আটক করে পিটুনি দেন। পরে সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তখন স্থানীয় লোকজন আটক ওই পাঁচ ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে তথ্য দিয়েছেন। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।