অটোরিকশা থেকে নামিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
কক্সবাজারের রামুতে দুই যুবকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অটোরিকশা থেকে নামিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চা–বাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম ওরফে সোহেল (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, জোয়ারিয়ানালার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী শুক্রবার দুপুরে নিজের ছোট বোন ও বান্ধবীকে নিয়ে পাশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বেড়াতে যায়। সন্ধ্যায় সেখান থেকে তিনজন সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিল।
সন্ধ্যা সাতটার দিকে অটোরিকশাটি রামুর চা–বাগান এলাকায় পৌঁছালে স্থানীয় দুই যুবক সাইফুল ইসলাম ও মো. শাহেদ পথ রোধ করেন। তাঁরা ওই ছাত্রীকে অটোরিকশা থেকে জোর করে নামিয়ে পাশের পাহাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ সময় অটোরিকশায় থাকা তার ছোট বোন, বান্ধবী ও চালকের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ওই দুই যুবক পালিয়ে যান।
ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, রাতে ওই ছাত্রীকে জঙ্গল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি শাহেদকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁর বাড়িও জোয়ারিয়ানালায়। এ ঘটনায় শনিবার সকালে রামু থানায় সাইফুল ও শাহেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর মা।