অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে, প্রাণ হারালেন বৃদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে খালের পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধের নাম আছিয়া বেগম (৬০)। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় অটোরিকশাটি উল্টে পাশের খালে পড়ে যায়।

নিহত আছিয়া বেগম দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত তারেক মিয়ার স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের রেনু বেগম (৬০), লাকি আক্তার (২৫), কুলসুম আক্তার (৪২), রোকিয়া বেগম (৬০) ও আবু সুফিয়ান (৪)। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া বেগমসহ অন্যরা অটোরিকশায় করে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের এক পীরের দরবার শরীফে যাচ্ছিলেন। অটোরিকশাটি বড়ধুশিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পর সেখানকার চিকিৎসক আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মুবিন ইমতিয়াজ বলেন, আছিয়া বেগম পানিতে ডুবে গেলে অতিরিক্ত পানি পেটে ঢুকে তাঁর মৃত্যু হয়। অন্যরা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।

ব্রা‏হ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।