অটোরিকশাকে চাপা দিয়ে পালালেন ট্রাকচালক, যাত্রী নিহত
সিলেটে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছেন ট্রাকচালক। এতে অটোরিকশার যাত্রী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল বুধবার গভীর রাতে সিলেটের বিমানবন্দর এলাকার ক্যাডেট কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সিলেট শহরতলির বিমানবন্দর নয়াবাজার মংলিপাড়া এলাকার বাসিন্দা। আহত অটোরিকশাচালকের নাম হাবিব মিয়া (২৮)। তিনিও একই এলাকার বাসিন্দা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১টার দিকে সিলেট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। অটোরিকশায় চালকসহ তাঁরা দুজনই ছিলেন। বিমানবন্দর এলাকার ক্যাডেট কলেজের সামনে অটোরিকশায় চাপা দিয়ে পালিয়ে যান এক ট্রাকচালক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান মারা যান। আহত হয়েছেন অটোরিকশাচালক হাবিব মিয়া।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির বলেন, নিহত যুবকের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকচালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।