অটোরিকশাকে ধাক্কা দিয়ে কয়েক ফুট টেনে নিয়ে গেল ট্রাক, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। আজ সকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দে পণ্যবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকচালক কোহিনুর শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নাজির মোল্লা ও মনির হোসেন বলেন, আজ সকালে যাত্রী নিয়ে অটোরিকশাটি উপজেলার গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশাটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে পৌঁছালে ফরিদপুরগামী পণ্যবাহী একটি ট্রাকের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকের চালক ওই অটোরিকশাকে কয়েক ফুট টেনে নিয়ে যায়। এভাবে কিছু দূর যাওয়ার পর ট্রাক ফেলে চালক দ্রুত সটকে পড়েন।

এ সময় স্থানীয় লোকজন অটোরিকশাচলককে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁরা অটোরিকশার আহত দুই যাত্রীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে এক যাত্রী ওসমান মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে
ছবি: প্রথম আলো

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক দৌড়ে পালিয়ে পাশের ফকিরপাড়া গ্রামের এক মসজিদে আশ্রয় নেন। স্থানীয় লোকজন খবর পেয়ে তাঁকে মসজিদ থেকে আটক করেন। পরে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করে।

আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি পুলিশি হেফাজতে আছে। লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।