অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাক্টর খাদে, প্রাণ গেল চালকের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি ট্রাক্টর সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই ট্রাক্টরের চালক নিহত ও অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালকের নাম সোহাগ মিয়া (২৪)। তিনি আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত অটোরিকশার চালকের নাম বাদল মিয়া (৪০)। তাঁর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর আজ ভোর সোয়া ছয়টার দিকে সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় সিএনজিচাললিত একটি অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ঘটনার পরপর পালানোর চেষ্টা করার সময় চালক ওই ট্রাক্টর নিয়ে খাদে পড়ে যান। এতে দুই চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে বাদল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ট্রাক্টর ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরচালকের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।